কলকাতা নাইট রাইডার্স শিবিরে ধাক্কা, আইপিএল থেকেই সরে দাঁড়ালেন ইংল্যান্ডের উইকেটকিপার
আইপিএলে কোন দল কাকে ধরে রাখছে, কাকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই তালিকা জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। ইতিমধ্যেই কেকেআর গুজরাত টাইটান্স থেকে লকি ফার্গুসনকে ফেরানোর পাশাপাশি আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে দলে নিয়েছে। এবার কেকেআর ছাড়ার পাশাপাশি আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার।

আজ টুইটের মাধ্যমে স্যাম বিলিংস জানিয়ে দিয়েছেন, তিনি আগামী বছরের আইপিএলে খেলবেন। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন বলেও উল্লেখ করেন তিনি। বড় ফরম্যাটকে গুরুত্ব দিয়ে কেন্টের হয়ে কাউন্টি খেলার বিষয়ে মনস্থির করেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিলেন বিলিংস। উল্লেখ্য, মেগা অকশন থেকে ২ কোটি টাকার বিনিময়ে বিলিংসকে দলে নিয়েছিল কেকেআর। নাইটদের হয়ে চলতি বছরের আইপিএলে তিনি ৮টি ম্যাচ খেলেন। গত আইপিএলে বিলিংসের পাশাপাশি উইকেটকিপার হিসেবে শেল্ডন জ্যাকসন ও বাবা ইন্দ্রজিৎকে খেলিয়েছে কেকেআর। তাঁদেরও এবার কেকেআর ধরে রাখবে কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত।
Thank you so much for the opportunity @kkriders ! Loved every minute of it. An amazing franchise with some brilliant people.
— Sam Billings (@sambillings) November 14, 2022
Hopefully see you again in the future 💜 pic.twitter.com/hxVVXfRqEE
নাইটদের হয়ে ৮টি ম্যাচে বিলিংস ১৬৯ রান করেছেন, স্ট্রাইক রেট ১২২.৪৬, ব্যাটিং গড় ২৪.১৪। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২১১ রান তাড়া করতে নেমে ২ রানে হেরেছিল কেকেআর। সেই ম্যাচে ২৪ বলে ৩৬ রান করেছিলেন বিলিংস। উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁর সাতটি শিকারও রয়েছে। ২০২২ সালের আইপিএলে কেকেআর ১৪টির মধ্যে মাত্র ৬টিতে জয়লাভ করেছিল, অভিযান শেষ করেছিল সপ্তম স্থানে থেকে। আগামী আইপিএলের জন্য দলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন কেকেআর কর্তারা। গত আইপিএলে দ্রুততম বলটি করা লকি ফার্গুসনকে নিয়ে পেস অ্যাটাকের শক্তিবৃদ্ধি করা হয়েছে। উইকেটকিপার হিসেবে রহমানুল্লাহ গুরবাজই এবার বড় ভরসা হতে চলেছেন নাইটদের। তাঁর সঙ্গে আরও কারা থাকেন সেটাও দেখার।
বিলিংসের আজকের ঘোষণা থেকে পরিষ্কার গুরবাজকে ইংল্যান্ডের উইকেটকিপারের বিকল্প হিসেবেই দলে নিয়েছে কেকেআর। ইতিমধ্যেই জল্পনা চলছে, কেকেআর অ্যারন ফিঞ্চ, অজিঙ্ক রাহানে-সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে। কাল বিকেল পাঁচটার মধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশন লিস্ট জমা দিতে হবে। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলির নজরও থাকবে সেদিকেই। তারপর আরও গতি পাবে ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় মিনি অকশনের জন্য সমস্ত দলের রণকৌশল জানানোর বিষয়টি। স্যাম বিলিংস তাঁর সিদ্ধান্ত জানানোর পর ইংল্যান্ডের আরও কোনও ক্রিকেটার এমন পদক্ষেপ করেন কিনা তা নিয়েও চলছে চর্চা। সকলে মুখিয়ে রয়েছেন বেন স্টোকসের সিদ্ধান্ত জানতেও।












Click it and Unblock the Notifications