গাড়ি থামিয়েই কাশ্মীরের ব্যাট কারখানায়! অঞ্জলি ও সারাকে পাশে রেখে সচিনের বিরাট আশ্বাস
Sachin Tendulkar: ছেলে অর্জুন খেলছেন গোয়ায় গুজরাতের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ। আর সচিন তেন্ডুলকর রয়েছেন ছুটির মেজাজে। আগ্রায় তাজমহলের সামনে অঞ্জলিকে নিয়ে ছবি তোলেন মাস্টার ব্লাস্টার।
আর আজ তিনি চমকে দিলেন কাশ্মীরের এক ব্যাট কারখানায় সাডেন ভিজিটে। ব্যাট মালিক থেকে সাধারণ কর্মী, সকলেই অবাক।

শ্রীনগর-জম্মু হাইওয়ের চারসুতে সঙ্গমে রয়েছে এমজে স্পোর্টসের ব্যাট তৈরির কারখানা। গাড়ি থামিয়ে স্ত্রী, কন্যাকে নিয়ে আচমকাই সেখানে হাজির হন সচিন। ব্যাটে তখন জোরকদমে কাজ চলছে। হঠাৎ সকলে লক্ষ্য করেন কারখানায় প্রবেশ করেছেন সচিন তেন্ডুলকর।
এমজে স্পোর্টসের কর্ণধার মহম্মদ শাহিন পারে বলেছেন, ব্যাট তৈরির কাজে সকলেই ব্যস্ত ছিলাম। তখনই কারখানার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। তবে এরপরই ছিল বড় চমক। অবাক বিস্ময়ে আমরা দেখি গাড়ি থেকে নেমে আসছেন আর কেউ নন, মাস্টার ব্লাস্টার। তাও সপরিবারে।
কারখানায় প্রবেশ করে সচিন কাশ্মীর উইলোর ব্যাট ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করেন। ব্যাটে হাতুড়ি ঠুকেও যাচাই করে দেখেন এর গুণমান। যা দেখে সচিন সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন কারখানায় সকলে। সচিন তাঁদের জানান, ইংল্যান্ড উইলোর সঙ্গে কাশ্মীর উইলোর তুলনা করতেই তাঁর এই আচমকা সফর।
কারখানার কর্ণধার তখনই সচিনকে অনুরোধ করেন, কাশ্মীর উইলোর ব্যাটের আরও প্রচার ও প্রসারের কাজে সহযোগিতা করতে। 'লোকাল' ব্যাট নিয়ে 'ভোকাল' হতে সচিন রাজিও হয়েছেন বলে জানা গিয়েছে। কারখানায় ঘণ্টা খানেক কাটিয়ে সকলের সঙ্গে সপরিবারে ছবি তুলে গন্তব্যে রওনা হয়ে যান মাস্টার ব্লাস্টার।












Click it and Unblock the Notifications