সৌরভের পাশে সস্ত্রীক সচিন লর্ডসে, ভারত-ইংল্যান্ড ম্যাচের ফাঁকে ক্যামেরাবন্দি হতেই ভাইরাল
সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রি বার্থডে সেলিব্রেশনে উপস্থিত ছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর। তাঁদের বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরালও হয়েছিল। এক সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের পাশাপাশি সচিন-সৌরভ। আজ ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক তাঁরা দেখছেন পাশাপাশি বসে। রয়েছেন সচিনের স্ত্রী অঞ্জলিও। ক্যামেরা তাঁদের তাক করতেই আপ্লুত ক্রিকেটপ্রেমীরা।
— Guess Karo (@KuchNahiUkhada) July 14, 2022 |
সচিন-সৌরভ পাশাপাশি
সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য লর্ডসে মাঝেমধ্যেই যান। সম্প্রতি তাঁর ৫০তম জন্মদিন উদযাপন করতে লন্ডনে যাওয়া ঘনিষ্ঠদের মহারাজ ঘুরিয়ে দেখিয়েছিলেন লর্ডস। ঐতিহাসিক লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। আজ বিসিসিআই সভাপতির সঙ্গে বসে খেলা উপভোগ করছেন সচিন-সৌরভ। তাঁদেরই পাশে দেখা গিয়েছে অঞ্জলি তেন্ডুলকরকে। অবশ্য এদিন ডোনা গঙ্গোপাধ্যায়কে দেখা যায়নি। সচিন-সৌরভদের এদিন প্রায় ৩০ সেকেন্ড ধরে দেখানো হয়েছে ম্যাচের ফাঁকেই।
|
ফিরল সোনালি স্মৃতি
সৌরভ গঙ্গোপাধ্যায় টেস্ট অভিষেকে শতরান পেয়েছিলেন লর্ডসে। এরপর ২০০২ সালের ১৩ জুলাই এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৫ রানের টার্গেট তাড়া করে জেতে সৌরভের টিম ইন্ডিয়া। জার্সি খুলে মাথার উপর ঘুরিয়েছিলেন, যা বিশ্ব ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে। গতকালই সেই ন্যাটওয়েস্ট জয়ের ২০ বছর পূর্তিতে সৌরভকে ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধনা জানানো হয়েছিল। ২০১৯ সালে আজকের দিনেই ইংল্যান্ড ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। যদিও আজ জস বাটলারের ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে খেলছে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়েই।
|
বিশ্ব ক্রিকেটের সেরা জুটি
সচিন ও সৌরভকে এদিন যখন পাশাপাশি বসে থাকা অবস্থায় টিভি ক্যামেরায় দেখানো হয় তখন ধারাভাষ্য দিচ্ছিলেন নাসের হুসেন ও রবি শাস্ত্রী। নাসের বলে ওঠেন, এই দুই ভদ্রলোক একদিনের আন্তর্জাতিকে ২১টি শতরানের পার্টনারশিপ গড়েছেন। তারপর শাস্ত্রী বলেন, গ্রেট ওপেনিং জুটি। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন। দেশের হয়ে ওপেন করতে নেমে দুজনের ৬ হাজারের বেশি রান রয়েছে। সত্যিই গ্রেট!
|
নজরে পরিসংখ্যান
উল্লেখ্য, ভারতের হয়ে সচিন-সৌরভ জুটি ওপেন করেছে ১৩৬টি একদিনের আন্তর্জাতিকে। তাঁরা যোগ করেছেন ৬৬০৯ রান, গড় ৪৯.৩২। ২০০১ সালে কেনিয়ার বিরুদ্ধে তাঁরা ২৫৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন, যা সর্বাধিক। ২১টি শতরানের পার্টনারশিপ গড়ার পাশাপাশি দুজন ২৩টি অর্ধশতরানের পার্টনারশিপ গড়েছিলেন। সচিন-সৌরভ কখনও টেস্টে ওপেন করেননি। তবে তাঁদের পার্টনারশিপ যা রান তুলেছে বিশ্ব ক্রিকেটে সেই নজির কারও নেই। টেস্টের পার্টনারশিপ রেকর্ড ধরলে সচিন ও সৌরভ আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে যোগ করেছেন ৮২২৭ রান, ২৬টি শতরান ও ২৯টি অর্ধশতরানের পার্টনারশিপ-সহ। এদিকে, সচিন-সৌরভের পাশাপাশি আজ ভারতের আরও দুই প্রাক্তন তারকাকে দেখা গিয়েছে লর্ডসে। পাশাপাশি বসে খেলা দেখছেন সুরেশ রায়না ও হরভজন সিং।












Click it and Unblock the Notifications