শুভমান গিল ও অর্শদীপ সিং বাদ পড়তে পারেন রাজকোট ম্যাচে, ভারতের একাদশে আসতে পারেন কারা?
মুম্বইয়ে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। পুনেতে গতকাল হার্দিক পাণ্ডিয়াদের পরাস্ত করে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। কাল রাজকোটে সিরিজ নির্ণায়ক তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। ভারত দেশের মাটিতে টি ২০ সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে, নাকি শ্রীলঙ্কা এ দেশে প্রথম টি ২০ সিরিজ জয়ের স্বাদ পাবে সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।

ভারতের প্রথম একাদশে কালকের মরণ-বাঁচন ম্যাচে পরিবর্তন হওয়ার জোরালো সম্ভাবনা। অন্তত দুটি পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। শুভমান গিল টি ২০ আন্তর্জাতিকে অভিষেকের পর থেকে সফল হননি। মুম্বইয়ে ৭ ও পুনেতে ৫ রান করে আউট হয়েছেন। ফলে কালকের ম্যাচে ঈশান কিষাণের সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়কে ওপেন করতে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে শুভমান গিল বাইরে বসবেন। রাহুল ত্রিপাঠী ১৩টি ম্য়াচ বসে থাকার পর প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলার সুযোগ পেয়েছেন। তিনি পুনেতে ব্যর্থ হলেও আরও একটি সুযোগ নিশ্চিতভাবেই পাবেন।
ভারতের গতকালের পরাজয়ের অন্যতম কারণ বোলিং। বিশেষ করে সাতটি নো বল ভারতের বিপদ বাড়ায়। যার মধ্যে পাঁচটি ফ্রন্ট ফুট নো বল একাই করেন অর্শদীপ সিং। ফ্রন্ট ফুট নো বল করার নিরিখে টি ২০ আন্তর্জাতিকে রেকর্ডও গড়ে ফেলেছেন অর্শদীপ। অসুস্থতা কাটিয়ে তিনি দলে কামব্যাক করেছিলেন হর্ষল প্যাটেলের জায়গায়। তবে যা পরিস্থিতি তাতে সেই জায়গা ধরে রাখা কঠিন।
রাজকোটের উইকেট স্পিনারদের সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। ব্যাটিং সহায়ক এই উইকেটে তাই একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পারে ভারত। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতা কাটিয়ে গতকাল ব্যাট হাতে দলের জয়ের আশা জাগিয়েছিলেন অক্ষর প্যাটেল। কালকের ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হলে স্পিন বোলিং অলরাউন্ডারের সংখ্যা যেমন বাড়বে, তেমনই ব্য়াটিং গভীরতাও বাড়বে। সে কারণে বাংলার পেসার মুকেশ কুমার থাকলেও অর্শদীপের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সুন্দর। শিবম মাভি কাল ভালো ব্যাটিং করেছেন। ফলে তিনি ও উমরান মালিক সামলাবেন পেস আক্রমণ। হার্দিক পাণ্ডিয়া তো রয়েছেনই।
ভারতের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ (উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড় বা শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর বা অর্শদীপ সিং বা মুকেশ কুমার, শিবম মাভি, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল












Click it and Unblock the Notifications