রোহিত ও বিরাট ২০২৭-এর বিশ্বকাপে খেলতে পারেন যদি...! কোন দিকে ইঙ্গিত গৌতম গম্ভীরের?
Gautam Gambhir Press Conference: রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে বিরাট আভাস দিলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।
শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে মুম্বইয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিয়ে সাংবাদিককের মুখোমুখি হন গম্ভীর। সেখানেই তিনি জানিয়ে দেন, ২০২৭ সালের বিশ্বকাপেও খেলতে পারেন বিরাট ও রোহিত।

রোহিত ও বিরাটের বয়স ৩৫ অতিক্রান্ত। তাঁরা কতদিন খেলবেন এই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, বড় মঞ্চে তাঁরা কী করতে পারেন তা আমরা দেখেছি। তা সে টি২০ বিশ্বকাপই হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ। তাঁদের মধ্যে এখনও প্রচুর ক্রিকেট অবশিষ্ট আছে। কতটা তা নির্দিষ্টভাবে বলতে পারছি না।
গম্ভীরের কথায়, সামনে যে অস্ট্রেলিয়া সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে তাতে ভালো করতে রোহিত ও বিরাট দুজনেই বদ্ধপরিকর, মোটিভেটেড। যদি তাঁদের ফিটনেস ভালো থাকে তাহলে তাঁরা ২০২৭-এর বিশ্বকাপেও খেলতে পারেন। যদিও তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপরও অবেক কিছু নির্ভর করবে।
দলের সাফল্যে তাঁরা কতটা অবদান রাখতে পারেন সেই উপলব্ধির ভিত্তিতেই ক্রিকেটারদের সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন গম্ভীর। তিনি সবার আগে দলের স্বার্থকেই যে রাখেন, তা আরও একবার স্পষ্ট করে গম্ভীর বলেন, বিরাট ও রোহিত দুজনেই বিশ্বমানের ক্রিকেটার, তাঁদের যে কোনও দল দীর্ঘদিন পেতে চাইবে।
বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর জানান, টিআরপি বাড়ানোর রসদ তিনি দিতে চান না। প্রকাশ্যে আনতে চান না বিরাটের সঙ্গে তাঁর কী কথা হয়েছে, কতবার কথা হয়েছে। ভারতীয় দলের স্বার্থে বিরাটের গুরুত্ব অনুধাবন করেই তাঁকে নিয়ে এগোতে চাইছেন গম্ভীর।
রবীন্দ্র জাদেজা একদিনের আন্তর্জাতিক দলে নেই। নির্বাচক প্রধান অজিত আগরকরের কথায়, জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে টেস্ট সিরিজের কথা ভেবে। তাছাড়া ১৫ জনের দলে কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। রিঙ্কু সিং যেমন টি২০ বিশ্বকাপে কোনও দোষ ছাড়াই বাদ পড়েন। তেমনই অক্ষর প্যাটেলের সঙ্গে জাদেজাকে রাখা হলে তা সঠিক হতো না বলেও বুঝিয়ে দেন অজিত।
প্রয়োজনে আলাদা সিরিজে অক্ষর ও জাদেজাকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পথ খোলা। সেই সঙ্গে টেস্ট দলে জাদেজাকে সুযোগের পরিকল্পনা যে রয়েছে তা স্পষ্ট করেন গম্ভীর ও আগরকর। গম্ভীর ইঙ্গিত দেন, শ্রীলঙ্কা সফরে লম্বা বিরতির পর টানা ১০টি টেস্ট রয়েছে। তাতে জাদেজা সুযোগ পেতে পারেন।












Click it and Unblock the Notifications