Rohit On Dravid: রোহিতের স্ত্রী দ্রাবিড়কে কী বলে ডাকেন? আবেগঘন পোস্টে খোলসা হিটম্যানের
Rohit On Dravid: টি২০ বিশ্বকাপ জিতেই ভারতের হেড কোচ হিসেবে ইনিংস শেষ করলেন রাহুল দ্রাবিড়। তাঁর জন্য এবার আবেগমথিত ইনস্টাগ্রাম পোস্ট রোহিত শর্মার।
রাহুল দ্রাবিড় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিততে পারেননি। কোচ হিসেবে দ্রাবিড় বিশ্বকাপ জিততে পারায় তৃপ্ত হিটম্যান।

ভারতের স্থায়ী অধিনায়ক হওয়ার পর রাহুল দ্রাবিড়কেই কোচ হিসেবে পেয়েছেন রোহিত শর্মা। 'রো-রা' জুটিতে ভর করে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে, ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলেছে। তারপর জিতল টি২০ বিশ্বকাপ।
ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে রোহিত 'প্রিয় রাহুল ভাই' সম্বোধন করে লিখেছেন, "আমি সঠিক শব্দচয়ন করে আমার অনুভূতি প্রকাশের চেষ্টা করছি। কিন্তু আমি জানি না তা পেরে উঠব কিনা। ছোটবেলা থেকে অনেকের মতো আমিও আপনাকে দেখেই বড় হয়েছি। আপনার সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।"
ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হয়েও দ্রাবিড় যেভাবে নিজের খ্যাতি, সম্মাননা, কীর্তি দরজার বাইরে রেখে এসে কোচ হিসেবে সকলের সঙ্গে যেমনভাবে মিশে গিয়েছিলেন তা সকলের কাছেই স্বস্তিদায়ক ছিল বলে উপলব্ধি রোহিতের। তাতে সকলেই তাঁদের কথা সহজেই দ্রাবিড়কে জানাতে পারতেন বলেও জানান রোহিত।
দ্রাবিড়ের নম্রতা, ক্রিকেটের প্রতি তাঁর অগাধ ভালোবাসার কথাও উঠে এসেছে রোহিতের পোস্টে। রোহিত লিখেছেন, রাহুল দ্রাবিড়ের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। সমস্ত স্মৃতি তিনি মনের মণিকোঠায় রাখবেন বলেও জানান হিটম্যান।
রোহিত যে ছবিগুলি পোস্ট করেছেন তাতে টি২০ বিশ্বকাপ জেতার পর তাঁর স্ত্রী ও কন্যাকে নিয়ে দ্রাবিড়ের একটি ছবিও রয়েছে। রোহিত তাঁর পোস্টে দ্রাবিড়কে উদ্দেশ করে লিখেছেন, আমার স্ত্রী আপনাকে আমার কর্মজীবনের স্ত্রী বলে উল্লেখ করেন। আমিও তার সঙ্গে সহমত পোষণ করি, এ জন্য নিজেকে ভাগ্যবান মনে করি।
দ্রাবিড়ের বর্ণময় কেরিয়ারে বিশ্বকাপ ছোঁয়াটাই অপূর্ণ থেকে গিয়েছিল। রোহিতের কথায়, আমরা একসঙ্গে এবার বিশ্বকাপ ছুঁয়েছি, এই বিষয়টিও আমাকে আনন্দ দিচ্ছে। রাহুল দ্রাবিড়কে তাঁর বিশ্বস্ত কোচ ও বন্ধু হিসেবে পেয়ে রোহিত যে গর্বিত তা বুঝিয়ে দিয়েছেন প্রতিটি লাইনেই।
উল্লেখ্য, ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের পরই ভারতের হেড কোচ হিসেবে মেয়াদ ফুরিয়েছিল দ্রাবিড়ের। টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বার্বাডোজের ড্রেসিংরুমে রোহিতকে ধন্যবাদ জানিয়ে দ্রাবিড় বলেছিলেন, রোহিতের ফোন পেয়ে, তাঁর অনুরোধেই টি২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে তিনি রাজি হয়েছিলেন।












Click it and Unblock the Notifications