SL vs IND: রোহিত খুঁজে পেলেন সিরিজ হারের বড় কারণ, সামনে তাকিয়ে কোন বিভাগগুলিতে জোর?
SL vs IND: সিরিজে সমতা ফেরানোর টার্গেট ছিল ২৪৯। ভারত অল আউট ১৩৮ রানে। তাও আবার ২৬.১ ওভারে! বিশ্বকাপের রানার-আপদের ১১০ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় শ্রীলঙ্কার।
দলের বেশিরভাগ ক্রিকেটারেরই জন্মের আগে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। সেই ১৯৯৭ সালে। ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ হারল ভারত।

ভারতীয় ব্যাটারদের ওডিআই সিরিজের তিন ম্যাচেই ভুগিয়েছে স্পিন। তিনটি ম্যাচেই টস হেরে ভারত পরে ব্যাট করেছে। একটি টাই হয়েছিল। দুটি ম্যাচে হার। রোহিত শর্মা ম্যাচের পর মেনে নিলেন, স্পিন সামলানোর ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে না পারা হারের অন্যতম ফ্যাক্টর।
স্পিন খেলার রণকৌশলে গুরুত্ব আরোপ করা রোহিতের কথায়, খুব বেশি চিন্তিত নই। তবে এই ক্ষেত্রটির দিকে আমাদের সিরিয়াসলি নজর দিতে হবে। বিশেষ করে ব্যক্তিগত গেমপ্ল্যানের বিষয়ে। গোটা সিরিজেই এই ক্ষেত্রটি আমাদের চাপে ফেলেছে।
টি২০ বিশ্বকাপ জেতার পর ভারত কি আত্মতুষ্ট ছিল? সেই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, একেবারেই না। এটা জোক ছাড়া কিছু নয়। আমরা যখন দেশের হয়ে খেলি তখন কোনও আত্মতুষ্টি থাকে না। কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কাকে, তারা এই সিরিজে আমাদের থেকে ভালো খেলেছে মানতেই হবে।
রোহিতের সাফ কথা, সামগ্রিকভাবে বলতে গেলে আমরা এই সিরিজে ভালো খেলতে পারিনি। সে কারণেই আমরা আজ এই জায়গায়। তবে এরই মধ্যে বেশ কিছু ইতিবাচক দিকও রয়েছে।যেমন- স্পিনারদের বোলিং, কয়েকজন ব্যাটারের পারফরম্য়ান্স। তবে তার চেয়ে বড় কথা, বেশ কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজনীয়তা রয়েছে।
রোহিত বলেন, আমরা ফিরে গিয়ে পর্যালোচনা করে দেখব এই ধরনের পরিস্থিতিতে কী করণীয়। সিরিজ হার মানেই বিশ্ব থেমে গেল না, বা সব কিছু শেষ। গত কয়েক বছর ধরে এই ক্রিকেটাররাই ভালো খেলেছেন ধারাবাহিকভাবে। কোথাও একটি বা দুটি সিরিজ দল হারতেই পারে।
আজকের ম্যাচে ৪ রানের জন্য শতরান হাতছাড়া করা আবিষ্কা ফার্নান্দো পেলেন ম্যাচের সেরার পুরস্কার। সিরিজ সেরা দুনিথ ওয়েল্লালাগে। ভারতের আপাতত লম্বা ছুটি। সেপ্টেম্বরের মাঝামাঝি ভারত সফরে আসার কথা বাংলাদেশের।
টি২০ সিরিজ ভারত জিতেছিল হোয়াইটওয়াশ সুনিশ্চিত করে। ফলে ভারতীয় দলের হয়ে কোচিং অভিষেকটা গম্ভীরের ভালোই হয়েছিল। তবে তাঁর কোচিংয়ে প্রথম ওডিআই সিরিজে ভারত যেভাবে হারল তাতে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications