ওভাল টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত, ১৫ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ রোহিতের
ওভালে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে পড়েছিল ১৩ উইকেট। আজ দ্বিতীয় দিনে পড়ল সাত উইকেট। প্রথম ইনিংসে ৯৯ রানে পিছিয়ে পড়ার পর রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে ভারত। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার খেলে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৩। বিরাট কোহলিরা পিছিয়ে রয়েছেন ৫৬ রানে। রোহিত শর্মা ৫৬ বলে ২০ ও লোকেশ রাহুল ৪১ বলে ২২ রানে অপরাজিত রয়েছেন।

এদিনই আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে পঞ্চম দ্রুততম হিসেবে। রোহিত শর্মার আগে ভারতীয়দের মধ্যে ১৫ হাজার বা তার বেশি আন্তর্জাতিক রান রয়েছে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র শেহওয়াগ ও মহম্মদ আজহারউদ্দিনের। বিরাট কোহলি এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন ৩৩৩ ম্যাচে। সচিন ৩৩৬টি ম্যাচে ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন। দ্রুততম ১৫ হাজার করার নিরিখে রাহুল দ্রাবিড় (৩৬৮) তিনে, চারে বীরেন্দ্র শেহওয়াগ (৩৭১)। এরপর পঞ্চম স্থানে রইলেন রোহিত শর্মা, তিনি এই কীর্তি গড়লেন ৩৯৭তম আন্তর্জাতিক ম্যাচে। রোহিতের পরে রইলেন সৌরভ (৪০০), আজহার (৪৩৪) ও ধোনি (৪৫২)। কেরিয়ারের ৪৩তম টেস্ট খেলছেন রোহিত শর্মা। সাতটি শতরান ও ১৪টি অর্ধশতরান-সহ তিনি এখনও অবধি ২৯৪০ রান করেছেন। ২২৭টি একদিনের আন্তর্জাতিকে ২৯টি শতরান ও ৪৩টি অর্ধশতরান-সহ রোহিতের ৯২০৫ রান রয়েছে। সর্বাধিক ২৬৪। ১১১টি টি ২০ আন্তর্জাতিকে চারটি শতরান ও ২২টি অর্ধশতরান-সহ তিনি ২৮৬৪ রান করেছেন।

এর আগে, আজ প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৩ রান নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। উমেশ যাদবের জোড়া ধাক্কায় ৬২ রানে ৫ উইকেট পড়ে যায়। সেখান থেকে ইংল্যান্ড ২৯০ রানে পৌঁছাল মূলত অলি পোপ ও ক্রিস ওকসের অর্ধশতরানে ভর করে। নিজের হোম গ্রাউন্ডে জস বাটলারের জায়গায় দলে কামব্যাক করে ১৫৯ বলে ৮১ রান করেন পোপ। নিজের মাঠে শতরান হাতছাড়া করে অবশ্য তিনি হতাশ। পোপের ইনিংসে রয়েছে ৬টি চার। স্যাম কারানের জায়গায় ইংল্যান্ডের টেস্ট দলে এক বছরেরও বেশি সময় পর এসেই দুরন্ত অর্ধশতরান করলেন ক্রিস ওকস। রান আউট হওয়ার আগে করলেন ৬০ বলে ৫০, ঝকঝকে ইনিংস সাজানো ১১টি বাউন্ডারি দিয়ে। জনি বেয়ারস্টো ৩৭ ও মঈন আলি ৩৫ রান করেন।

ভারতের ১৯১ রানের জবাবে ইংল্যান্ডের নবম উইকেট পড়ে গিয়েছিল ২৫৫ রানের মাথায়। সেখান থেকে ওকস একার কাঁধেই দলকে এগিয়ে নিয়ে যান। তিনি রান আউট হতেই যবনিকা পড়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসে। উমেশ যাদব তিনটি উইকেট নেওয়ার ফাঁকে এদিনই ১৫০তম টেস্ট উইকেট পেয়ে গেলেন। জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে দুটি করে উইকেট। শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications