Rinku Singh: স্বপ্নপূরণের দুয়ারে রিঙ্কু, টিম ইন্ডিয়ায় সুযোগ আসতে চলেছে শীঘ্রই
অবশেষে ভারতীয় দলের দরজা খুলতে চলেছে কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের কাছে। একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে আসন্ন ক্যারিবিয়ান সিরিজেই টিম ইন্ডিয়ায় সুযোগ পেতে চলেছেন নাইট ব্যাটসম্যান। সবকিছু ঠিকঠাক চললে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলে জায়গা পাবেন এবারের আইপিএলের অন্যতম তরুণ প্রতিভা রিঙ্কু সিং।
আইপিএলের ১৬তম আসরে দারুণ পারফর্ম করার উপহার পেতে চলেছেন রিঙ্কু। নাইটদের হয়ে আইপিএল-২০২৩ এ ১৪টি ম্যাচে খেলেছিলেন আলিগড়ের ব্যাটসম্যান। আইপিএলে ৪৭৪ রান করেছিলেন। যার মধ্যে ছিল ৪টি অর্ধশতরান। তাঁর গড় ৫৯.২৫। এবং স্ট্রাইকরেট ১৪৯.৫২। ফিনিশার হিসাবেও রীতিমতো নজর কেড়েছেন রিঙ্কু।

শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দলের সিনিয়রদের বিশ্রাম দেওয়া হতে পারে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকেই হার্দিক টি টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন।

আগামী ১২ জুলাই থেকে এই সিরিজ শুরু হতে চলেছে। গত শুক্রবারই বিসিসিআই টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট এবং একদিনের দল ঘোষণা করেছে। এই দলে ইতিমধ্যেই যশস্বী জয়সওয়াল এবং মুকেশ কুমারের মতো ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন।
উমেশ যাদবকে নিয়েও জল্পনার অবসান ঘটানো হয়েছে। সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে বোর্ডের এক সূত্র জানিয়েছে, 'উমেশ যাদবকে দল থেকে বাদ দেওয়া হয়নি। তাঁর চোট রয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোট ফের ভোগাচ্ছে উমেশকে। ফলে এনসিএতে বর্তমানে চিকিৎসা চলছে বিদর্ভের পেসারের।'













Click it and Unblock the Notifications