বিরাট কোহলির কেরিয়ারের জন্য ইতিবাচক পরামর্শ রবি শাস্ত্রীর, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কি বিশ্রামে?
বিরাট কোহলিকে আপাতত ২-৩ মাস ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। বিরাট কোহলি বিগত কয়েক মাস ধরে একের পর এক বিতর্কে জড়িয়েছেন। সর্বোপরি বিসিসিআইয়ের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। ২০১৯ সালের পর থেকে শতরানও নেই বিরাটের ব্যাটে। এই পরিস্থিতিতেই বিশ্রামের পরামর্শ শাস্ত্রীর।

শাস্ত্রীয় পরামর্শ
৫ বছর পর সাধারণ ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে দুটি অর্ধশতরান করেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার আগে একদিনের অধিনায়কত্ব থেকে তাঁকে সরানো হয়েছিল। টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে পরাজয়ের পর ক্যাপ্টেন্সি ছেড়ে দেন বিরাট। একদিনের সিরিজে বিরাট কোহলির বডি ল্যাঙ্গুয়েজ অনেকেরই পছন্দ হয়নি। একাধিক বিতর্কেও জড়িয়ে পড়েছেন। এই আবহে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে রবি শাস্ত্রী নিজের মত ব্যক্ত করে জানিয়েছেন, ক্রিকেট থেকে কয়েক মাসের বিরতি নিলে বিরাট যেমন মানসিকভাবে তরতাজা হতে পারবেন, তেমনই রানের খিদেও বাড়বে। আর তাতেই ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যাবে কোহলিকে।

ব্যাটিংয়ে ফোকাস
রবি শাস্ত্রীর কথায়, নিঃসন্দেহে চাপ বাড়তে শুরু করেছে। মানুষ সুযোগের অপেক্ষাতেই ছিলেন। কোনও ব্যক্তিই পারফেক্ট হতে পারেন না। সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিও নিজেদের খেলায় মনোনিবেশের জন্য একটা সময়ের পর অধিনায়কত্ব ছেড়েছেন। ধোনি যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তিনি আরও ১০-১৫টি ম্যাচ খেলতেই পারতেন। কিন্তু অবসর নিয়ে সাদা বলের ক্রিকেট খেলতে থাকেন। বিরাটের বয়স এখন ৩৩। বিরাট নিঃসন্দেহেই উপলব্ধি করছেন, তিনি আরও ৫ বছর ভালো ক্রিকেট খেলতে পারবেন। শান্ত থেকে বিরাট নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে পারেন। একেকটি ম্যাচ ধরে এগোতে পারেন। যদি তিনি ২-৩ মাস বিশ্রাম নেন কিংবা একটি সিরিজ থেকেও বিশ্রাম নেন, সেটা তাঁর কেরিয়ারের পক্ষেই ইতিবাচক হবে।

অবাক রবি
বিরাটের টেস্ট অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে শাস্ত্রী বলেন, জৈব সুরক্ষা বলয়ে থেকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া সহজ নয়। আমার ধারণা, বিরাট সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সাদা বলের অধিনায়কত্ব ছাড়া একেবারেই সঠিক সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে আমি কিছুটা অবাক হয়েছি। কারণ, তাঁর নেতৃত্বেই বিগত ৫ বছর ধরে ভারত টেস্টে বিশ্বের ১ নম্বর দল থেকেছে। সেখানে একটা সিরিজ হারলে ক্যাপ্টেন্সি ছাড়ার বাধ্যবাধকতা নেই। ৬৮টি টেস্টে ৪০টি জয়ের অসাধারণ রেকর্ড রয়েছে। তারপরও নিজের শরীরের অবস্থা বুঝে বিরাট যে সিদ্ধান্ত নিয়েছেন তাঁকে সম্মান জানাচ্ছেন শাস্ত্রী।

বিশ্রামে তারকারা?
এদিকে, জল্পনা চলছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে যে কোনও একটি ফরম্যাটে বিশ্রাম নিতে পারেন বিরাট। জসপ্রীত বুমরাহকেও বিশ্রাম দেওয়া হতে পারে। চোটের কারণে বাইরে থাকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।
ছবি- বিসিসিআই টুইটার












Click it and Unblock the Notifications