Ranji Trophy: কেকেআর তারকার জন্যই রঞ্জিতে অক্সিজেন পেল বাংলা, ঘরের মাঠে হেরে শহরে আসছে রাহানের মুম্বই
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিজয়রথ তাদের মাঠেই থামিয়ে দিল উত্তরপ্রদেশ। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে নীতীশ রানার নেতৃত্বাধীন দল।
যা বাংলা দলের পক্ষে খুবই স্বস্তিদায়ক খবর। কেন না, মুম্বই যেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছিল তাতে বাংলার কোয়ার্টার ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে যাচ্ছিল।

মুম্বই প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে গিয়েছিল। জবাবে ৩২৪ রানে শেষ হয় উত্তরপ্রদেশের প্রথম ইনিংস। দিল্লি থেকে অব্যাহতি নিয়ে উত্তরপ্রদেশের অধিনায়ক এখন নীতীশ। তিনি ১০৬ রান করেছিলেন। এরপর শিবম দুবের ১১৭ রানে ভর করে মুম্বই দ্বিতীয় ইনিংসে তুলেছিল ৩২০ রান। ফলে উত্তরপ্রদেশের টার্গেট দাঁড়ায় ১৯৫।
সেই রান তুলতে গিয়ে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল উত্তরপ্রদেশষ ১৭৬ রানে অষ্টম উইকেট পড়ে। যদিও করণ শর্মা (অপরাজিত ৬৭) আকিব খান (অপরাজিত ৩)-কে নিয়ে দলকে মূল্যবান ৬ পয়েন্ট এনে দেন। মুম্বইয়ের তনুশ খৈতান ৫৮ রানে পাঁচ উইকেট তুলে নিলেও দলকে জেতাতে ব্যর্থ হন।
এই ম্যাচ থেকে মুম্বই যদি ৬ পয়েন্ট নিশ্চিত করে ফেলতো তাতে বাংলা-সহ অনেক দলেরই বিপদ বাড়তো। সেক্ষেত্রে এলিট গ্রুপ বি-তে শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট হয়ে যেত ৪ ম্যাচে ২৬। প্রথম তিনটি ম্যাচ টানা জেতার পর এই প্রথম পরাজয়ের মুখোমুখি হলো মুম্বই। অজিঙ্ক রাহানে এই ম্যাচেও ব্যর্থ।
সরফরাজ খান ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন। ফলে তাঁকেও ইডেনে বাংলার বিরুদ্ধে পাবে না মুম্বই। রাহানে অন্ধ্রের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন। কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ১৬ রান। এরপর ওয়াংখেড়েতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে যথাক্রমে ৮ ও ৯ রানে সাজঘরে ফিরলেন।
দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের প্রথম উইকেট পড়েছিল ৪৩ রানে, সেখান থেকে রাহানের উইকেট পড়তেই স্কোর দাঁড়িয়েছিল ৬ উইরেটে ৮৬। এরপর শিবম দুবে (১১৭) শামস মুলানি (৬৩) ও মোহিত অবস্থি (৪৯)-কে নিয়ে অবস্থা সামাল দেন। ইউপির কাছে হারায় মুম্বইয়ের ৪ ম্যাচে পয়েন্ট ২০।
৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্র। অন্ধ্রের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাকে। উত্তরপ্রদেশকে হারানোর পরিস্থিতি তৈরি করেও বাংলাকে হার মানতে হয়েছিল প্রাকৃতিক প্রতিবন্ধকতার কাছে। ইডেনেও খারাপ আবহাওয়ার জন্য ছত্তিশগড়ের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট হয়।
অসমের বিরুদ্ধে জয়ের পর বাংলা ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ইডেনে অস্বস্তিতে থাকা মুম্বইয়ের বিরুদ্ধে সরাসরি জয়ের লক্ষ্যেই নামবেন মনোজরা। উত্তরপ্রদেশ যদি মুম্বইয়ে গিয়ে জিততে পারে, তাহলে নিজেদের মাঠে জয়ের ধারাবাহিকতা বাংলার পক্ষে বজায় রাখা কঠিন হলেও অসম্ভব নয়।












Click it and Unblock the Notifications