Ranji Trophy: বিরাট কোহলির 'গুরু ভাই' রঞ্জি ট্রফিতে তাক লাগালেন, পরপর ২ ম্যাচে হ্যাটট্রিক দীপকের
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে আরও এক উল্লেখযোগ্য নজির। পরপর ২ ম্যাচে হ্যাটট্রিক করলেন উত্তরাখণ্ডের সিমার দীপক ঢাপোলা। পুদুচেরীর পর এবার দিল্লির বিরুদ্ধে।
দীপকের বিধ্বংসী স্পেলে দ্বিতীয় ইনিংসে ২.২ ওভারে ০ রানে তিন উইকেট হারাল দিল্লি। এখনও অবধি দ্বিতীয় ইনিংসে তিনি চার উইকেট তুলে নিয়েছেন।

এবারের রঞ্জি ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন দীপক। মধ্যপ্রদেশের বিরুদ্ধে তিনি ৬৬ রান খরচ করে এক উইকেট নেন। এরপর হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৩ রান দিয়ে চারটি ও দ্বিতীয় ইনিংসে ৩১ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন।
পুদুচেরীর বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৪ রানে ১টি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক-সহ ৬ উইকেট তুলে নেন মাত্র ৩২ রান খরচ করেই। মোহালিতে দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩১ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে পোরেন। দ্বিতীয় ইনিংসে দিল্লির পাঁচ ব্যাটারের মধ্যে চারজনকেই সাজঘরে ফেরান দীপক।
বোলিং ওপেন করার পর প্রথম ওভারের শেষ বলে অর্পিত রানাকে বোল্ড করেন দীপক। এরপর তৃতীয় ওভারের প্রথম ও দ্বিতীয় বলে দুটি উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন। যশ ঢুলকে লেগ বিফোর করার পরের বলেই ক্ষিতিজ শর্মাকে বোল্ড করে দেন। বিসিসিআই কর্তার ঘনিষ্ঠ এই ক্ষিতিজকে খেলাতে আয়ুশ বাদোনিকে হোটেলে রাখা নিয়ে বিতর্ক চলছে। ক্ষিতিজ প্রথম ইনিংসে করেন ৮।
দিল্লির প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনকে প্যাভিলিয়নে ফেরান দীপক, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। দিল্লির প্রথম ইনিংসে ১৪৭ রানের জবাবে উত্তরাখণ্ড করেছে ২৩৯, দ্বিতীয় ইনিংসে দিল্লির স্কোর ৫ উইকেটে ১৪৫, লিড ৫৩ রানের। দীপক ১টি মেডেন-সহ ১১ ওভারে ৪৩ রান খরচ করে চার উইকেট পেয়েছেন। তাঁর চতুর্থ শিকার বৈভব কান্দপাল।
পুদুচেরী ম্যাচে দ্বিতীয় ইনিংসে দীপক হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন ফাবিদ আহমেদ, কৃষ্ণ পাণ্ডে ও সাগর উদেশিকে পরপর আউট করে। এদিন চার উইকেট নেওয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্য়াচে দীপকের উইকেট-সংখ্যা হলো ১০০। ২০২২-২৩ রঞ্জি মরশুমেও দীপক নজর কেড়েছিলেন হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৮.৩ ওভারে ৩৫ রান দিয়ে ৮ উইকেট তুলে নিয়ে।
দীপক ঢাপোলার আরেকটি পরিচয় তিনি বিরাট কোহলির 'গুরু ভাই'! তার কারণ দীপক প্রশিক্ষণ নিয়েছেন বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মার কাছে। বিরাট কোহলিকে বোলিং করার অভিজ্ঞতাও রয়েছে দীপকের। এই মিডিয়াম পেসারের বোলিং দেখে প্রশংসা করেছিলেন খোদ কিং কোহলি। সাফল্য পেতে কঠোর পরিশ্রমের পরামর্শও দেন। বয়সের কারণে জাতীয় দলে সুযোগ মেলার সম্ভাবনা এখন কম। তবে রঞ্জিতে ধারাবাহিকতা দেখিয়ে তিনি নির্বাচকদের নজর কাড়ছেন।












Click it and Unblock the Notifications