Ranji Trophy: বাংলার সামনে শীর্ষে থাকা হরিয়ানা, রঞ্জি অভিষেক হচ্ছে অঙ্কিত ও বিশালের
Ranji Trophy: কাল থেকে কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্য়াচে মুখোমুখি হচ্ছে বাংলা ও হরিয়ানা। নক আউট পর্বে যাওয়ার জন্য বাংলাকে বাকি দুটি ম্যাচে জিততেই হবে।
গ্রুপ সি-র শীর্ষে রয়েছে হরিয়ানা, ৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে। একটি ম্যাচেও তারা হারেনি। অপরাজেয় কেরলের ৫ ম্যাচে রয়েছে ১৮ পয়েন্ট, তারা আছে দুইয়ে। তিনে থাকা বাংলার ৫ ম্যাচে ১৪ পয়েন্ট।

বাংলার নক আউট পর্বে যাওয়া কঠিন। যদিও অ্যাওয়ে ম্যাচে মধ্যপ্রদেশকে হারানোর পর এবার লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল জয়ের ধারা বজায় রাখতে চাইছে হরিয়ানাকে হারিয়ে। যদিও বাংলা পাচ্ছে না আকাশ দীপ, শাহবাজ আহমেদদের। মহম্মদ শামিও এখন ভারতের টি২০ দলে। ফলে তাঁকেও পাওয়া যাবে না।
কালকের ম্যাচে রঞ্জি অভিষেক হচ্ছে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে নজর কাড়া দুই ক্রিকেটাররা। তাঁরা হলেন ব্যাটার অঙ্কিত চট্টোপাধ্যায় ও অলরাউন্ডার বিশাল ভাটি। একই মরশুমে ভিনু মাঁকড় ট্রফি ও কোচবিহার ট্রফি খেলার পর রঞ্জিতে অভিষেকের নিরিখে অভিমন্যু ঈশ্বরণের কীর্তি স্পর্শ করবেন অঙ্কিত ও বিশাল।
বাংলার কাছে আরেকটি বড় ধাক্কা অভিমন্যু ঈশ্বরণের না থাকা। ঈশ্বরণ ক্লাব ক্রিকেটের ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন। ফলে খেলতে পারছেন না রঞ্জিতে। ব্যাটিং বিভাগে তাই ভরসা অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়রা।
বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন মুকেশ কুমার। হরিয়ানা দলে তেমন বড় তারকা কেউ নেই। অশোক মানেরিয়া অধিনায়ক। নজর থাকবে চেন্নাই সুপার কিংসে সুযোগ পাওয়া অলরাউন্ডার অংশুল কম্বোজের দিকে।












Click it and Unblock the Notifications