Ranji Trophy: ইডেনে মাইলস্টোন স্পর্শ অনুষ্টুপের, ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে প্রথম দিন কেমন কাটল বাংলার?
Ranji Trophy: রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্য়াচে আজ থেকে ইডেনে ছত্তিশগড়ের মুখোমুখি হলো বাংলা। প্রথম দুটি ম্যাচ মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন দল ড্র করেছে, ঝুলিতে রয়েছে চার পয়েন্ট।
সেখানে ছত্তিশগড় একটি ড্র ও একটি জয়ের সৌজন্যে ১০ পয়েন্ট নিয়ে ইডেনে খেলতে নেমেছে। গ্রুপে তারা রয়েছে মুম্বইয়ের পরই দ্বিতীয় স্থানে। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে বাংলা সরাসরি জয় চাইছে। যদিও তা সম্ভব হবে কিনা তা বলা যাচ্ছে না।

আজ টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছে ছত্তিশগড়। সারাদিনে খেলা হলো মোট ৭৩ ওভার। বাংলা প্রথম দিনের শেষে তুলেছে ৪ উইকেটে ২০৬ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪তম অর্ধশতরান পূর্ণ করে অনুষ্টুপ মজুমদার আটটি চারের সাহায্যে ৯৪ বলে ৫৫ রানে অপরাজিত আছেন। তিনি এদিন ইডেনে নয়া মাইলস্টোন স্পর্শ করলেন।
কেরিয়ারের ৮৪তম প্রথম শ্রেণির ম্যাচে ৫ হাজার রান পূর্ণ করতে তাঁর দরকার ছিল ৩২ রান। অনুষ্টুপ সেই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। ছত্তিশগড়কে চাপে ফেলতে তাঁর ব্যাটেই ভরসা করতে হবে বাংলা শিবিরকে। অনুষ্টুপ আর ৪৫ রান করলেই চলতি রঞ্জিতে দ্বিতীয় তথা প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫তম সেঞ্চুরিটি পেয়ে যাবেন।
অনুষ্টুপের সঙ্গে ক্রিজে রয়েছেন অভিষেক পোড়েল। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অভিষেক ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৭৫ বলে ৪৭ রান করে ক্রিজে রয়েছেন। বাংলার ওপেনিং জুটিতে এদিন ওঠে ৮.৫ ওভারে ২০ রান। জীবেশ বাট্টের শিকার হন সৌরভ পাল (২৬ বলে ১২)।
৩২.৫ ওভারে ৭১ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ওপেনার সায়ন ঘোষ ১১১ বলে ২২ রান করে বাসুদেব বারেথের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন। ৩৭.৩ ওভারে ৯৩ রানে পড়ে বাংলার তৃতীয় উইকেট। সুদীপ ঘরামি ১ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন। ৮টি চারের সাহায্যে ৮১ বলে ৪৯ রান করে সৌরভ মজুমদারের শিকার হন।
অধিনায়ক মনোজ তিওয়ারি সাবধানী ব্যাটিংই করছিলেন। কিন্তু রবি কিরণের একটি ডেলিভারিতে আচমকাই বোল্ড হয়ে যান মনোজ। চারটি চারের সাহায্যে মনোজ ৫১ বলে ১৯ রান করেছেন। বাংলার চতুর্থ উইকেট পড়লে স্কোর দাঁড়ায় ৫২ ওভারে ৪ উইকেটে ১২৭। সেখান থেকে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন অনুষ্টুপ ও অভিষেক।
রবি কিরণ, সৌরভ মজুমদার, জীবেশ বাট্টে ও বাসুদেব বারেথ একটি করে উইকেট দখল করেছিলেন। খেলার যা পরিস্থিতি তাতে বাংলা কোনওভাবেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে চাইবে না। বড় রান তুলে ছত্তিশগড়কে চাপে ফেলাই লক্ষ্য মনোজদের। প্রদীপ্ত প্রামাণিকের জায়গায় আজ বাংলা দলে অভিষেক হলো শুভম চট্টোপাধ্য়ায়ের।












Click it and Unblock the Notifications