Ranji Trophy 2024: ১২ বছর বয়সে বিহারের হয়ে রঞ্জি অভিষেক বৈভব সূর্যবংশীর! তবু কনিষ্ঠদের তালিকায় কেন চারে?
Ranji Trophy 2024: আজ থেকে শুরু হয়েছে রঞ্জি ট্রফি। পাটনায় বিহার খেলছে মুম্বইয়ের বিরুদ্ধে। এই ম্যাচে মোট পাঁচজনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো।
তবে এই ক্রিকেটারদের মধ্যে চমক বৈভব সূর্যবংশী। মাত্র ১২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো এই বাঁহাতি ব্যাটারের। তবে অবাক করার মতো বিষয় হলো, সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে অভিষেকের নিরিখে বৈভব রইল চতুর্থ স্থানে।

বৈভবের অভিষেক হলো ১২ বছর ২৮৪ দিনের মাথায়। ১৯৪২-৪৩ মরশুমে ১২ বছর ৭৩ দিনের মাথায় রঞ্জি অভিষেক হয়েছিল আলিমুদ্দিনের। বরোদার মহারাজা প্রতাপসিং করোনেশন জিমখানায় আজমেঢ়ের আলিমুদ্দিন রাজপুতানার হয়ে রঞ্জি সেমিফাইনাল ম্যাচে নেমেছিলেন বরোদার বিরুদ্ধে।
১৯৫৯-৬০ মরশুমে জামশেদপুরের কিনান স্টেডিয়ামে এসকে বোসের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ১২ বছর ৭৬ দিনের মাথায়। সেই ম্যাচটি ছিল বিহার ও অসমের বিরুদ্ধে। ১৯৩৭ সালে উত্তর ভারতের হয়ে পাতিয়ালায় বরদারি গ্রাউন্ডে ইউনাইটেড প্রভিন্সের হয়ে রঞ্জি ট্রফির ম্য়াচে নেমেছিলেন মহম্মদ রমজান। সেই ম্য়াচে তাঁর প্রথম শ্রেণির অভিষেক হয়েছিল ১২ বছর ২৪৭ দিনের মাথায়।
আজ পাটনার মঈন উল হক স্টেডিয়ামে বিহারের ক্যাপ পেতেই বৈভব নাম লেখাল এই তিন ক্রিকেটারের পরেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ১৩ বছর হওয়ার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন আকিব জাভেদ (১৯৮৪-৮৫), মহম্মদ আক্রম (১৯৬৮-৬৯), রিজওয়ান সাত্তার (১৯৮৫-৮৬), সালিমুদ্দিন (১৯৫৪-৫৫) ও কাসিম ফিরোজ (১৯৭০-৭১)।
বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই বিহারের হয়ে চলতি মরশুমের কোচবিহার ট্রফিতে খেলেছে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচে বৈভবের ব্য়াট থেকে এসেছে ২২টি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো ১২৮ বলে ১৫১ রানের ইনিংস। ওই ম্যাচেই সে আরেকটি ইনিংসে ৭৬ রান করেছে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে চতুর্দলীয় সিরিজেও বৈভব দুটি অর্ধশতরান করেছে।
গত বছর ৬টি বড় টুর্নামেন্টে বৈভব খেলেছে বলে জানিয়েছেন তার বাবা সঞ্জীব সূর্যবংশী। পাঁচ বছর বয়স থেকেই বৈভবের ক্রিকেটের প্রতি ঝোঁক তাঁর নজরে পড়েছিল। ১০ বছর বয়স থেকেই বড়দের সঙ্গে ক্রিকেট খেলে বৈভব। প্রথমে সমস্তিপুর ও পরে পাটনায় ছেলের ক্রিকেট প্রশিক্ষণের বন্দোবস্ত করেছিলেন সঞ্জীব।
বিহার টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছে। প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৬৭ ওভারে ৯ উইকেটে ২৩৫ রান। ভূপেন লালওয়ানি ৬৫, সুবেদ পার্কার ও তনুশ খৈতান দুজনেই ৫০ রান করেছেন। ফলে কালই বৈভবকে ব্যাট হাতে নামতে হতে পারে।












Click it and Unblock the Notifications