Ranji Trohy: ঘরের মাঠে মু্ম্বইয়ের বিরুদ্ধে লজ্জার হার, নক আউটের আশা কমছে বাংলার
ঘরের মাঠে লজ্জার হার বাংলার। তৃতীয় দিনেই ইডেনে সমাপ্ত হল বাংলা-মুম্বইয়ের মধ্যে রঞ্জি ম্যাচ। মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস এবং চার রানে হেরে নক আউটের রাস্তা কঠিন করে ফেলল লক্ষ্মীরতন শুক্লার দল। দ্বিতীয় দিনের শেষ থেকেই ইনিংস হারের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সেটাই বাস্তবে রূপ পেল তৃতীয় দিনের বেলাশেষে।
প্রথম ইনিংসে মুম্বই তোলে ৪১২ রান। বাংলা প্রথম ইনিংসে শেষ হয়ে যায় ১৯৯ রানে। মনোজ তিওয়ারির দলকে ফলো অন করায় মুম্বই। ইনিংসে হার বাঁচাতে ২১৩ রান দরকার ছিল বাংলার। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২০৯ রানে আউট হয়ে গেল বঙ্গ ব্রিগেড। অভিষেক পোড়েল ৮২ রান করেন।কিন্তু বাকি ব্যাটাররা ফের ফ্লপ। ফলে যা হওয়ার তাই হল। রাহানে-সরফরাজহীন মুম্বইও ঘরের মাঠে বাংলাকে ইনিংস হারের লজ্জা উপহার দিল।

বাংলার বোলারদের দায়বদ্ধতা ও ধারাবাহিকতার অভাবে প্রথম ইনিংসে ৪১২ রানের স্কোর তোলে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে অনুষ্টুপ মজুমদার ছাড়া বাকিরা পুরো ব্যর্থ হলেন। বাংলার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৫৬ ওভারে মাত্র ১৯৯ রানেই। অনুষ্টুপ মজুমদার ১২৭ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন। বাংলা দলের রুকু ১২টি চার ও তিনটি ছয় মারেন। ১৯৯ রানে অল আউট হয় বাংলা।
সরাসরি জয় ও বোনাস পয়েন্টের লক্ষ্যে বাংলাকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেয় শিবম দুবের দল। তৃতীয় দিনে বাংলার ব্যাটসম্যানদের কাছে প্রথম চ্যালেঞ্জ ছিল ২১৩ রান অতিক্রম করা। কিন্তু বঙ্গ ক্রিকেটে ধারাবাহিকতার রোগ যেন কিছুতেই সারছে না। দ্বিতীয় ইনিংসেও যেন প্রথম ইনিংসের পুনরাবৃত্তি।
সৌরভ পাল ২৫ এবং শ্রেয়াংস ঘোষ ৫ রানে আউট হলেন। সুদীপ ঘরামি ২০, প্রথম ইনিংসে শতরানকারী অনুষ্টুপ মজুজদার ১৪ রানে আউট হলেন। অধিনায়ক মনোজ তিওয়ারি ৭৯ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে গেলেন।
এরপর কিছুটা লড়াই করলেন অভিষেক পোড়েল। ৮৩ বলে ৮২ রানের ইনিংস খেললেন চন্দননগরের তরুণ ক্রিকেটার। কিন্তু তাঁকে কেউই সঙ্গ দিতে পারলেন না। করণ লাল ১২, সূরজ সিন্ধু ৩, কাউফ ৩ রানে আউট হলেন। বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হল ২০৯ রানে।
দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটিংয়ে ধস নামালেন মোহিত অবস্তি, একাই নিলেন ৭ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়া মুম্বইয়ের মোহিত অবস্তি ম্যাচের সেরা হয়েছেন।
৫ ম্যাচে বাংলার পয়েন্ট ১২, হাতে বাকি মাত্র দুটি ম্যাচ। ফলে অঙ্কের বিচারে অনেকটাই কঠিন বাংলা নক আউটের পথ। বাংলার পরের ম্যাচ ৯ ফেব্রুয়ারি কেরলের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications