স্যামিকে 'কালু' বলার অভিযোগে ক্রিকেট তোলপাড়! পাকিস্তানে এমন হয় না দাবি ফ্র্যাঞ্চাইজি মালিকের
স্যামিকে 'কালু' বলার অভিযোগে ক্রিকেট তোলপাড়! পাকিস্তানে এমন হয় না দাবি ফ্র্যাঞ্চাইজি মালিকের
মার্কিন যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় পর দুনিয়া জুড়ে কালো মানুষের সমানাধিকার নিয়ে বিপ্লব চলছে।

আমেরিকার ঘটনার পর 'ব্ল্যাক লাইভস ম্যাটারস' স্লোগান তুলে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি, ফ্লয়েডের হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে আইপিএলে তাঁকে বৈষম্য শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন। যে অভিযোগে তোলপাড় ভারতীয় ক্রিকেট।

ওয়েস্ট ইন্ডিজ তারকা যখন সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থদের দিকে আঙুল তুলেছেন, তখন পাকিস্তানে ক্যারিবিয়ান ক্রিকেটারদের রাজার মতো সম্মান দেওয়া হয় বলে পিএসএলের এক মালিক মন্তব্য করলেন।

এক ইনস্টাগ্রাম বার্তায় স্যামি অভিযোগ করে বলেছেন, ২০১৪ সালে সানরাইজার্স জার্সিতে খেলার সময় তাঁকে 'কালু' বলে ডাকা হত। ভারতীয় ক্রিকেটারকে সরাসরি কাঠগড়ায় না তুললেও পুরনো একটি পোস্ট শেয়ার করে নিজের বক্তব্য প্রমাণ করে দেন স্যামি। ক্যারিবিয়ান টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়কের শোয়ার করা পোস্টে দেখা গিয়েছে, ইশান্ত শর্মা পুরনো এক পোস্টে সতীর্থ স্যামিকে 'কালু' বলে উল্লেখ করেন।

শুধু স্যামি নয় বিশ্বজুড়ে কালো মানুষের উপর বিদ্বেষের ঘটনায় ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল ও ডোয়েন ব্র্যাভোও সমানাধিকার চেয়ে পোস্ট করেছেন।

ক্রিকেট মাঠে ভারতীয় ক্রিকেটারের দিকে যখন আঙুল উঠছে তখন, পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির ক্লাবের মালিক জাভেদ আফ্রিদি এক সাক্ষাৎকারে তাঁদের দেশে ক্রিকেটে মাঠে বর্ণ নিয়ে কোনও ভেদাভেদ করা হয় না বলে দাবি করলেন।

পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিক বলেন, 'স্যামির মতো ওয়েস্ট ইন্ডিয়ান তারকারা পাকিস্তানের মাটিতে রাজার সম্মান পান। আসলে ওরা খুব ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটার। প্রত্যেকে একা হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন, তাই বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ক্রিকেট লিগে ওদের চাহিদা দারুণ। পাকিস্তানি ফ্যানেরা ওদের খেলা দেখতে ভালোবাসে। পাকিস্তানিরা ওদের দারুণ ভালোবাসে।'












Click it and Unblock the Notifications