এশিয়া কাপ ট্রফি বিতর্কে অবশেষে বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের নকভি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি এশিয়া কাপ ফাইনালের ট্রফি বিতর্কের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে ক্ষমা চেয়েছেন। রবিবার, ২৮ সেপ্টেম্বর ফাইনালের পর বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন। জানা গিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বৈঠকে নকভি নাকি তুলনামূলক নরম সুরে কথা বলেছেন।
বিতর্ক শুরু হয়েছিল যখন নকভি ভারতীয় দলকে মাঠে বিজয়ীর ট্রফি নিয়ে উদযাপন করতে দেননি। এখন নকভি বিসিসিআই-এর কাছে অনুশোচনা প্রকাশ করে স্বীকার করেছেন যে ফাইনালের পর ওই পরিস্থিতির জন্য তিনি দুঃখিত।

ফাইনালের দিন ভারতীয় দল নকভির কাছ থেকে সরাসরি ট্রফি ও পদক গ্রহণ করতে অস্বীকার করলে, এশিয়ান ক্রিকেটা কাউন্সিলের প্রধান হিসাবে নকভি পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করেন। এর বদলে তিনি আধিকারিকদের নির্দেশ দেন মাঠ থেকে ট্রফি ও পদক সরিয়ে নিতে।
মঙ্গলবার অনুষ্ঠিত এসিসি বৈঠকে বিসিসিআই নকভির এই আচরণের তীব্র নিন্দা জানায়। বৈঠকে অংশ নেওয়া বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জোর দিয়ে বলেন যে এশিয়া কাপ ট্রফি এসিসি-এর সম্পত্তি, পাকিস্তান ক্রিকেট প্রধানের নয়। তিনি নকভির ট্রফি ও পদক সঠিক হস্তান্তর ছাড়াই নিজের হোটেল কক্ষে নিয়ে যাওয়ার সমালোচনা করেন। শুক্লা দাবি করেন যে ট্রফিটি অবিলম্বে বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হোক এবং এসিসি-র হেফাজতে রাখা হোক।
তবে বিসিসিআই-এর কাছে ক্ষমা চাইলেও, নকভি নিজের অবস্থানে অনড় থাকেন এবং ভারতীয় দলকে ট্রফি ফিরিয়ে দিতে অস্বীকার করেছেন। তিনি বলেন, যদি ভারতীয় দল ট্রফি চায়, তাহলে অধিনায়ককে ব্যক্তিগতভাবে দুবাইয়ে এসিসি কার্যালয়ে গিয়ে তা সংগ্রহ করতে হবে।
বিসিসিআই দ্রুত এই দাবি প্রত্যাখ্যান করে প্রশ্ন তোলে যে, ফাইনালে যেখানে ভারতীয় অধিনায়ককে ট্রফি সংগ্রহের জন্য যেতে হয়নি, সেখানে এখন কেন তিনি দুবাই যাবেন।












Click it and Unblock the Notifications