লিভিংস্টোনের শতরানেও বাঁচল না ইংল্যান্ড, টি২০ সিরিজে এগিয়ে গেল পাকিস্তান
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে এগিয়ে পাকিস্তান, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ওয়ান ডে সিরিজ হেরে গেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি২০ সিরিজ জয় দিয়েই শুরু করল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেলেন বাবর আজমরা। লিয়াম লিভিংস্টোনের শতরানও বাঁচাতে পারল না ইংল্যান্ডকে। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

ট্রেন্ট ব্রিজে হওয়া পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০-তে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। সেই সিদ্ধান্তকে ভুল বলে প্রমাণ করেন পাক দলের দুই ওপেনার। উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজমের মধ্যে ১৫০ রানের পার্টনারশিপ হয়। তাঁদের ঝড়ো ব্যাটিংয়ে ছন্দ হারান ইংল্যান্ডের বোলাররা। ৪১ বলে ৬৩ রান করে আউট হন রিজওয়ান। আটটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৪৯ বলে ৮৫ রান করেন বাবর আজম। আটটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। বাকি পাক ব্যাটসম্যানরা খুব বেশি ক্যারিশমা দেখাতে না পারলেও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান তোলেন বাবররা। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ২ উইকেট নেন টম কারান।
জবাবে তীব্র ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া ইংল্যান্ডের হয়ে একাই লড়াই করেন লিয়াম লিভিংস্টোন। ৪৩ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ব্রিটিশ ব্যাটসম্যান। ৬টি চার ও ৯টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। তা সত্ত্বেও ১৯.২ ওভারে ২০১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি ও শাদাব খান।
অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৬ রান তোলে প্রোটিয়া শিবির। ১৬৯ বলে ১৭৭ রানের অতিমানবিক ইনিংস খেলেন ওপেনার জান্নেমান মালান। ১৬টি চার ও ৬টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৯১ বলে ১২০ রান করেন কুইন্টন ডি কক। ১১টি চার ও পাঁচটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। জবাবে সিমি সিংয়ের লড়াকু শতরান সত্ত্বেও ৪৭.১ ওভারে ২৭৬-এ শেষ হয়ে যায় আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন তাবরেজ শামসি ও আন্দিলে ফেহলুকোয়াও।












Click it and Unblock the Notifications