সচিন চমকে উঠলেন সোশ্যাল মিডিয়ায় বিকৃত পোস্ট দেখে! বেদনাহত তেন্ডুলকরের আবেগঘন হুঁশিয়ারির বার্তা
সচিন তেন্ডুলকর তাঁকে নিয়ে চলা বিভ্রান্তমূলক পোস্ট দেখে চমকে উঠলেন। ব্যথিতও হয়েছেন। আর তার জেরেই নিজে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার। যারা তাঁর অজান্তে তাঁকে নিয়েই এই বিভ্রান্তমূলক প্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক।

বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
বিতর্কের সূত্রপাত একটি ক্যাসিনোর বিজ্ঞাপনকে ঘিরে। এই বিজ্ঞাপনের সচিনের ছবি ব্যবহার করা হয়েছে। যা দেখে ক্রিকেট মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষুব্ধ সচিন-ভক্তরাও। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, ওই বিজ্ঞাপনটি বিগ ড্যাডি ক্যাসিনোর, যেটি গোয়ায় অবস্থিত। তবে এর সঙ্গে তাঁর যে কোনও সম্পর্ক নেই তা স্পষ্ট করে দিয়েছেন সচিন।
|
সচিনের পোস্ট
সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তমূলক প্রচারে ভ্রান্ত ধারণা যাতে তৈরি না হয় সে জন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছেন সচিন। তিনি এক আবেগঘন বার্তায় লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় আমার নজরে এসেছে যে কিছু বিজ্ঞাপনে আমার ছবি ব্যবহার করে দেখানোর চেষ্টা হচ্ছে যে আমি একটি ক্যাসিনোকে এনডোর্স করছি। আমি কোনওদিন জুয়া, তামাক বা অ্যালকোহলের বিজ্ঞাপন করিনি। তা সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা-ই হোক না কেন। ব্যক্তিগতভাবে তিনি যখন এমন বিজ্ঞাপন করেননি, তখন সেখানে একটি ক্যাসিনোর বিজ্ঞাপনে তাঁর অজান্তে বিকৃত বা রূপান্তরিত ছবি ব্যবহার ব্যথিত করেছে মাস্টার ব্লাস্টারকে।

স্ট্রেট ব্যাটে
সচিনের কথায়, মানুষকে বিভ্রান্ত করতে আমার ছবি ব্যবহার করা হচ্ছে, এটিই আমাকে বেদনাহত করেছে। আমার আইনজীবীরা যথাযথ পদক্ষেপ করছেন। তারই মধ্যে এই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব অনুভব করেই এই পোস্টটি করলাম। উল্লেখ্য, ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও অনেক বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপনের মুখ সচিন। কিন্তু তাঁর ছবি তাঁর অজান্তে ব্যবহার করে এবার বিপাকে পড়তে চলেছে সংশ্লিষ্ট ক্যাসিনো।

আদর্শ বজায় রেখে অবস্থান স্পষ্ট
অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা কোনও মদ প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন করলেও মদের বদলে পানীয় জলের বিজ্ঞাপনের মুখ হন। এতে পরোক্ষভাবে ওই সংস্থার মদের বিজ্ঞাপনও হয়ে যায়। কিন্তু সচিন সেটা কোনওদিন করেননি। আর তারই জেরে ফের নিজের আদর্শ ও অবস্থান স্পষ্ট করে দিলেন।












Click it and Unblock the Notifications