Najmul Hossain Shanto: কিউয়িদের বিরুদ্ধে শতরান, গাভাসকার-কোহলিদের রেকর্ড স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত
নির্বাচনী প্রচারে ব্যস্ত শাকিব আল হাসান, পিতৃত্বকালীন ছুটিতে আছেন লিটন দাসও। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেতৃত্বের ভার উঠেছে নাজমুল হোসেন শান্ত-র উপরেই। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই শতরান করে বাংলাদেশ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন শান্ত। সেইসঙ্গে সুনীল গাভাসকর-বিরাট কোহলিদের সঙ্গে একই আসনে বসলেন বাংলাদেশের এই ক্রিকেটার।
ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন শান্ত। তৃতীয় দিনের শেষে ১৯৩ বলে ১০৪ রানে অপরাজিত আছেন বাংলাদেশ ব্যাটসম্যান।তাঁর ইনিংসে ভর করে তৃতীয় দিন শেষে প্রথম টেস্টের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ২১২। শান্ত-র শতরান ছাড়াও মুশফিকুর রহিমের রান ৭১ বলে ৪৩ রানে অপরাজিত আছেন। ৯৬ রানের অবিচ্ছিন্ন এই জুটির সৌজন্যে বাংলাদেশ এগিয়ে ২০৫ রানে।

তৃতীয়দিনে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ডের দুই টেলএন্ডার কাইল জেমিসন ও টিম সাউদি দ্রুতই রানকে ৩০০-র ঘরে নিয়ে যান। মুমিনুল হকের বলে আউট হন জেমিসন ও সাউদি। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ৩১৭ রানে, কিউয়িরা লিড পায় ৭ রানের।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। মেহেদি হাসান এবং জাকির হোসেন দ্রুত আউট হন। এরপরই দলের হাল ধরেন শান্ত এবং মমিনূল হক।
আগে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে প্রথম ম্যাচে সর্বোচ্চ ইনিংস ছিল শাকিব আল হাসানের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জেতানোর পথে ৯৬ রানে অপরাজিত ছিলেন শাকিব। পরবর্তী সময়ে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিতে নেমে অভিষেকে হাফসেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ আর লিটন দাসও। তবে তাঁদের কেউই ইনিংসটা তিন অঙ্কে টেনে নিতে পারেননি।এবার সেই রেকর্ড পূর্ণ করলেন শান্ত।












Click it and Unblock the Notifications