মহম্মদ সিরাজ বিশ্বের ১ নম্বর বোলার! একদিনের আন্তর্জাতিকে বিরাট কোহলিকে পিছনে ফেললেন শুভমান গিল
আইসিসি একদিনের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে বিশ্বের ১ নম্বর জায়গাটি দখল করলেন মহম্মদ সিরাজ। ব্যাটারদের তালিকায় ২০ ধাপ উপরে উঠে ছয়ে শুভমান গিল।
নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বের ১ নম্বর দল হয়েছে ভারত। আগেই মেন ইন ব্লু টি ২০ আন্তর্জাতিকে আইসিসি দলগত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারালে টেস্টেও ১ নম্বর দল হওয়ার হাতছানি রয়েছে রোহিত শর্মাদের সামনে। ওডিআইয়ে ভারতের সাম্প্রতিক সাফল্যের ইতিবাচক প্রভাব পড়ল ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে।

সিরাজ বিশ্বের ১ নম্বর
মহম্মদ সিরাজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল গতকাল। কিন্তু শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচে ১৪ উইকেট নেওয়ায় সিরাজ একদিনের আন্তর্জাতিকে আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে ১ নম্বর আসনটি দখল করে নিলেন। কিউয়িদের বিরুদ্ধে সিরিজে ২ ম্যাচে তিনি ৫ উইকেট নিয়েছিলেন। সিরাজের রেটিং পয়েন্ট ৭২৯, অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডের রেটিং ৭২৭। তিনি রয়েছেন দুইয়ে। ভারত সফরে না আসা ট্রেন্ট বোল্টকে সিংহাসন থেকে সিরাজ নামিয়ে দিলেন তিনে।

বাকিরা কে কোথায়?
সিরাজ ছাড়া প্রথম দশে নেই আর কোনও ভারতীয় বোলার। ২০ নম্বরে রয়েছেন কুলদীপ যাদব। জসপ্রীত বুমরাহ বেশ কয়েক মাস ধরেই মাঠের বাইরে। নামতে নামতে তিনি চলে গেলেন বোলারদের র্যাঙ্কিংয়ের ২৪ নম্বর স্থানে। মহম্মদ শামি ৩২ নম্বরে। বোলারদের তালিকায় ভারতীয়দের মধ্যে উত্থান হয়েছে হার্দিক পাণ্ডিয়ার। গতকাল তিনি সিরাজ ও শামির অনুপস্থিতিতে বোলিং ওপেন করেন। হার্দিক উঠে এসেছেন ৮০ নম্বরে।

কোহলিকে টপকালেন গিল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩৬০ রান করে সিরিজ-সেরার পুরস্কারটি পেয়েছেন শুভমান গিল। একটি দ্বিশতরান-সহ দুটি সেঞ্চুরি। শেষ চারটি ওডিআই ইনিংসে তিনটি শতরান করেছেন গিল। যার সুবাদে আইসিসি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে চলে এলেন শুভমান। তাও আবার ২০ ধাপ উপরে উঠলেন। শুভমান এখন রয়েছেন ছয় নম্বরে। বাবর আজম রয়েছেন তালিকার শীর্ষে। এরপর যথাক্রমে রাসি ভ্যান ডার ডুসেন, কুইন্টন ডি কক, ডেভিড ওয়ার্নার, ইমাম উল হক। হকের পরেই রয়েছেন গিল। শুভমান শ্রীলঙ্কার বিরুদ্ধেও একটি শতরান হাঁকিয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির সৌজন্যে তিনি করেন ২০৭ রান।

বিরাটের পরেই রোহিত
রোহিত শর্মা গতকাল ইন্দোরে দুরন্ত শতরান করেছেন। তিন বছর পর রোহিতের ব্যাটে ওডিআই সেঞ্চুরি। তিনি ২ ধাপ উঠে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন ৮ নম্বরে। রোহিত ও স্টিভ স্মিথের রেটিং পয়েন্ট সমান (৭১৯)। বিরাট কোহলি কিউয়িদের বিরুদ্ধে সিরিজে উল্লেখযোগ্য রান পাননি। ফলে তিনি নেমে গেলেন সপ্তম স্থানে। শ্রেয়স আইয়ার নেমে গিয়েছেন ১৯ নম্বরে।












Click it and Unblock the Notifications