Mohammed Shami: অস্ট্রেলিয়া সফরের দলে নেই, তবুও ডাউন আন্ডারে সিরিজ খেলার বড় পরিকল্পনা মহম্মদ শামির
Mohammed Shami: মহম্মদ শামিকে বাইরে রেখেই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। কিন্তু তাতে ওই সিরিজে শামির খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।
বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করল একটি সর্বভারতীয় দৈনিক। শামি ব্রিসবেনে তৃতীয় টেস্টে খেলার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন বলে জানা যাচ্ছে।

গত বছর বিশ্বকাপের পর থেকেই শামি মাঠের বাইরে। গোড়ালির অস্ত্রোপচারের পর রিহ্যাব চলছে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। তবে তারই মধ্যে হাঁটুতে চোট লাগায় শামির মাঠে ফেরার বিষয়টি পিছিয়ে যায়। ফলে চলতি নিউজিল্যান্ড সিরিজ, কিংবা অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার আগে ঘরোয়া ক্রিকেটে নামা হয়নি শামির।
রঞ্জি ট্রফিতে বাংলার পরবর্তী ম্যাচ বেঙ্গালুরুতে কর্ণাটকের বিরুদ্ধে। সেই ম্যাচেই শামি বাংলার হয়ে মাঠে নেমে পারতেন বলে জানা যাচ্ছে। ৬ তারিখ থেকে শুরু সেই ম্যাচ। তারপর নভেম্বরের ১৩ তারিখ থেকে বাংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচেও শামির খেলার কথা। এই ম্যাচগুলিতেই দেখে নেওয়া হবে শামির ফিটনেস।
শামিকে পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলা শিবিরও। বিসিসিআইয়ের এক কর্তা একটি ইংরেজি দৈনিককে জানিয়েছেন, শামি এনসিএতে বোলিং করছেন। বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে কয়েকটি সেশনে তাঁর বোলিং করা হয়নি। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে খেলার লক্ষ্যে শামি বাংলার হয়ে ২টি ম্যাচ খেলবেন। সকলেই সেদিকে তাকিয়ে।
বেঙ্গালুরু টেস্টের পর দেখা গিয়েছিল নেটে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে বল করছেন শামি। শামির বোলিংয়ের দিকে নজর ছিল ভারতীয় দলের বোলিং কোচ মরনি মরকেলের। শামি অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়ার পর গতকাল ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন।
বিসিসিআইয়ের এনসিএ-র সেন্টার অব এক্সেলেন্সে শরীরচর্চার ভিডিও পোস্ট করে শামি লিখেছেন, বোলিং ফিটনেসের রোজই উন্নতি হচ্ছে। নিজের সেরাটা দিচ্ছি। ম্যাচ খেলার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব। ঘরোয়া লাল বলের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করছি। বিসিসিআই ও ক্রিকেট ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেও শামি জানান, তিনি দ্রুতই লাল বলের ক্রিকেটে ফিরছেন।












Click it and Unblock the Notifications