একা রিঙ্কু সিংয়ের কাছে হেরে গেল লখনউ, আইপিএলে দ্বিতীয় জয় পেল কলকাতা
আইপিএল ২০২৬-এর অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল এদিন একানা স্টেডিয়াম। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর ম্যাচ শেষ অবধি সুপার ওভারে গড়াল। এবং লখনউকে পরাজিত করে কলকাতা মরসুমের দ্বিতীয় জয় পেল।
তবে বলা একেবারেই অত্যুক্তি হবে না, যদি বলা হয়, লখনউয়ের একাদশ হারল একা রিঙ্কু সিংয়ের কাছে। এদিন ব্যাটে কামাল দেখানোর পাশাপাশি মাঠ জুড়ে ছিলেন শুধুই রিঙ্কু সিং। নির্ধারিত সময়ে চারখানা ক্যাচ নিয়েছেন। এমনকী সুপার ওভারের একমাত্র ক্যাচটিতেও সঙ্গত দেন সেই রিঙ্কু সিং।

এদিন রিঙ্কু সিংয়ের ৫১ বলে অপরাজিত ৮৩ রানের অসাধারণ ইনিংস ও তাঁর ফিল্ডিং কেকেআরের জয়ের চাবিকাঠি ছিল।
প্রথমে ব্যাট করে কেকেআর কোনওমতে ১৫৫ রান তোলে। ১৬ ওভার শেষে ৯৩ রানে ৭ উইকেট হারানোর পর, রিঙ্কুর ব্যাটে আসে শেষ ওভারে ২৬ রান, যা দলকে ১৫৫ রানের সম্মানজনক পুঁজি এনে দেয়। এই দুর্দান্ত ইনিংস কেকেআরকে লড়াইয়ে থাকতে সাহায্য করে।
পরে ১৫৫ রান তাড়া করতে নেমে লখনউ শেষ পর্যন্ত লড়াই করে। কেকেআরের বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরা দুটি করে উইকেট নিয়ে এলএসজিকে আট উইকেটে ১৫৫ রানে আটকে রাখেন। ঋষভ পন্থ ৩৮ বলে ৪২ এবং এইডেন মার্করাম ৩১ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি। শেষ ওভারে কার্তিক ত্যাগী ১৭ রান আটকাতে গিয়ে দুটি নো-বল দেওয়ায় ম্যাচ সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে সুনীল নারিন মাত্র তিন বলের মধ্যে নিকোলাস পুরান এবং এইডেন মার্করামকে আউট করেন। এরপর রিঙ্কু সিং প্রথম বলেই বাউন্ডারি মেরে কেকেআরের জয় নিশ্চিত করেন।
এদিনের জয়ের ফলে কলকাতা ৮ ম্যাচে ৫ পয়েন্ট পেল। লিগ তালিকায় উঠে এল অষ্টম স্থানে। লখনউ ৮ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে তালিকায় ১০ নম্বরে নেমে গেল।












Click it and Unblock the Notifications