T20 World Cup: প্রথম টি২০ বিশ্বকাপ জয়ের ১৭ বছর পূর্ণ, কোন দুই ভারতীয় ক্রিকেটারের সেটিই ছিল শেষ টুর্নামেন্ট?
T20 World Cup 2007: ২০০৭ সালে আজকের দিনেই, অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ভারত প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে।
সেই সাফল্য অনেকেই মনে রেখেছেন। কিন্তু জানেন কি, সেই টুর্নামেন্টই কেরিয়ারের শেষ টুর্নামেন্ট ছিল দু-জনের কাছে? তাঁদের একজন অবিস্মরণীয় হয়ে রয়েছেন বিশ্বজয়ের মুহূর্তের সঙ্গে।

জোহানেসবার্গের ফাইনালে ভারত টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান তুলেছিল। গৌতম গম্ভীর ৫৪ বলে ৭৫ রান করেন। রোহিত শর্মা ছয়ে নেমে ১৬ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন। উমর গুল ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট।
জবাবে খেলতে নেমে ১৯.৩ ওভারে ১৫২ রানে শেষ পাকিস্তান। মিসবা উল হক ৩৮ বলে সর্বাধিক ৪৩ রান করে যোগিন্দর শর্মার ডেলিভারিতে শ্রীসন্থের হাতে ক্যাচ দিতেই নিশ্চিত হয় ভারতের কাপ জয়। ভারত জেতে ৫ রানে। রুদ্রপ্রতাপ সিং ও ইরফান পাঠান নেন তিনটি করে উইকেট। যোগিন্দর নেন ২ উইকেট।
যদিও এরপর আর হরিয়ানার যোগিন্দর দেশের হয়ে খেলার সুযোগ পাননি। তিনি এখন পুলিশের উচ্চপদস্থ অফিসার। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। যোগিন্দর ২০০৪ থেকে ২০০৭ অবধি চারটি ওডিআই খেলেছেন। ৩৫ রান করার পাশাপাশি ১ উইকেট রয়েছে। ২০০৭ সালে টি২০ অভিষেকের পর তিনি চারটি ম্যাচে চার উইকেট দখল করেন।
যোগিন্দর ছাড়া আর যে ক্রিকেটার টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া সত্ত্বেও দেশের হয়ে কোনওদিন খেলার সুযোগ পাননি তিনি হলেন অজিত আগরকর। বর্তমানে ভারতীয় দলের প্রধান নির্বাচক। আগরকর অবশ্য টি২০ বিশ্বকাপের ফাইনালের একাদশে ছিলেন না।
টি২০ বিশ্বকাপে ১৬ সেপ্টেম্বরের ভারত-নিউজিল্যান্ড ম্যাচই আগরকরের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তিনি ওই ম্যাচে চার ওভারে ৪০ রান দেন। ভারত ম্য়াচটি হেরেও গিয়েছিল। এরপরই একাদশে নিজের জায়গা ধরে রাখতে পারেননি আগরকর।
আগরকরের টেস্ট ও ওডিআই অভিষেক হয় ১৯৯৮ সালে। ২০০৬ সালে টি২০ আন্তর্জাতিক অভিষেক। ২৬টি টেস্টে ৫৮টি ও ১৯১টি ওডিআইয়ে ২৮৮টি উইকেট আছে আগরকরের। চারটি টি২০ আন্তর্জাতিকে তিনি তিনটি উইকেট পেয়েছেন। টেস্টে আগরকরের একটি শতরানও আছে। আগরকর যেমন ক্রিকেটার হিসেবে টি২০ বিশ্বকাপ জিতেছেন, তেমনই নির্বাচক প্রধান হিসেবেও টি২০ বিশ্বজয়ের সাক্ষী থাকলেন এবার। রোহিত শর্মা ভারতের দু-বারের টি২০ বিশ্বকাপ জয়ের সাক্ষী। ২০০৭-এ ছিলেন সাধারণ ক্রিকেটার, এবার অধিনায়ক।












Click it and Unblock the Notifications