সুপার ওভারে কেন নামানো হয়নি বৈভবকে? বাংলাদেশের কাছে হেরে অধিনায়ক জিতেশ দিলেন অদ্ভূত ব্যাখ্যা
রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ 'এ’ দলের বিপক্ষে সুপার ওভারে কেন বৈভব সূর্যবংশীকে পাঠানো হয়নি, সে বিষয়ে অদ্ভূত ব্যাখ্যা দিলেন অধিনায়ক জিতেশ শর্মা। গত শুক্রবার দোহার এই ম্যাচে সূর্যবংশী ১৫ বলে ৩৮ রান করেছেন। যার মধ্যে ছিল দুটি চার ও চারটি ছয়। তবুও ভারতের 'এ' দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।
দোহায় অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সুপার ওভারে হেরে ভারত 'এ' টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ম্যাচটি সুপার ওভার পর্যন্ত গেলেও ভারতের আগেই ম্যাচ জেতা উচিত ছিল। অন্তত শুরুতে বৈভব যেভাবে ঝড় তুলেছিলেন, তারপর এই হার সহজে হজম হওয়ার নয়।

সুপার ওভারে ভারত ভালো পারফর্ম করতে পারেনি, কোনও রান সংগ্রহ না করেই শূন্য রান করে ভারত। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল দুটি উইকেট তুলে নেন। এক রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূযশ শর্মা ইয়াসির আলি চৌধুরীকে লং-অন-এ রমনদীপ সিংয়ের হাতে ক্যাচ আউট করেন। এরপর আকবর আলি স্ট্রাইকে এলে সূযশের একটি ওয়াইড বলের সুবাদে বাংলাদেশ ফাইনালে পৌঁছয়।
উভয় দল ১৯৪ রানে শেষ করার পর ভারত সুপার ওভারের জন্য আশুতোষ শর্মা ও রমনদীপ সিংকে নির্বাচন করে, বৈভব সূর্যবংশীকে ব্যাটিং থেকে বাদ দেয়। অথচ বৈভব আগে ১৫ বলে ৩৮ রান করেছিলেন।
জিতেশ ব্যাখ্যা করেন যে, বৈভব ও প্রিয়াংশ আর্য পাওয়ার প্লেতে কার্যকর হলেও, ডেথ ওভারের অভিজ্ঞতার জন্য দল আশুতোষ ও রমনদীপের ওপর ভরসা রেখেছিল। জিতেশ ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে বলেন, "দলে, বৈভব এবং প্রিয়াংশ পাওয়ার প্লে-এর মাস্টার। ডেথ ওভারে আশু এবং রমন ইচ্ছেমতো ব্যাট করতে পারে। তাই সুপার ওভারের জন্য খেলোয়াড় নির্বাচন ছিল দলের সিদ্ধান্ত, এবং শেষ সিদ্ধান্তটি আমার ছিল।"
সূর্যবংশী টুর্নামেন্টে ভারতের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি চারটি ম্যাচে ৫৯.৭৫ গড়ে এবং ২৪৩.৮৮ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে ৪২ বলে ১৪৪ রানের একটি দুর্দান্ত ইনিংসও তার উল্লেখযোগ্য পারফরম্যান্সের অংশ ছিল।
জিতেশ নিজে হারের দায় স্বীকার করে বলেন, তার শেষ পর্যন্ত ব্যাট করা উচিত ছিল এবং দলকে জয় এনে দেওয়া উচিত ছিল। তিনি ২৩ বলে ৩৩ রান করেন, যার মধ্যে ছিল একটি চার ও দুটি ছয়। জিতেশ আবু হায়দার রনির বলে আউট হন।
জিতেশ বলেন, "আমি সম্পূর্ণ দায় নিচ্ছি— একজন সিনিয়র হিসেবে আমার ম্যাচ শেষ করা উচিত ছিল। "












Click it and Unblock the Notifications