মঞ্জরেকরের উল্টো পথে হেঁটে অশ্বিনকেই সেরা বাছলেন চ্যাপেল, তালিকায় ইশান্ত-শামিও
মঞ্জরেকরের উল্টো পথে হেঁটে অশ্বিনকেই সেরা বাছলেন চ্যাপেল, তালিকায় ইশান্ত-শামিও
বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বর্তমান সময়ের সেরা পাঁচ টেস্ট বোলারকে বেছে নিলেন কিংবদন্তি ইয়ান চ্যাপেল। সঞ্জয় মঞ্জরেকরের উল্টো পথে হেঁটে সেই তালিকায় তিনি রবিচন্দ্রণ অশ্বিনকে জায়গা দিয়েছেন। তালিকায় ভারতের দুই ফাস্ট বোলারের নামও অন্তর্ভূক্ত করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

তালিকায় ভারতের তিন বোলার
আগামী ১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। হাই-ভোল্টেজ মোকাবিলায় নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। তার আগে নিজের তৈরি করা বর্তমান সময়ের সেরা পাঁচ টেস্ট বোলারের তালিকায় ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও রবিচন্দ্রণ অশ্বিনকে জায়গা দিয়ে তাঁদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়াতে সাহায্য করেছেন ইয়ান চ্যাপেল। তালিকায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার যথাক্রমে প্যাট কামিন্স ও কাগিসো রাবাডাকেও রেখেছেন লিজেন্ড।

মঞ্জরেকরের সঙ্গে একমত নন চ্যাপেল
ভারতের রবিচন্দ্রণ অশ্বিনকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা মানতে অস্বীকার করেছেন সঞ্জয় মঞ্জরেকর। সেই বক্তব্যের সঙ্গে তিনি একমত নন বলে জানিয়েছেন ইয়ান চ্যাপেল। উল্টে অস্ট্রেলীয় অফ স্পিনার নাথান লায়নের থেকে তিনি অশ্বিনকেই এগিয়ে রেখেছেন। চ্যাপেলের কথায়, লায়নের থেকে অনেক ভাল বোলিং স্ট্রাইক রেট অ্যাশের। এমনকী নির্দ্বিধায় টেস্ট ফর্ম্যাটে অশ্বিনকে অন্যতম সেরা বলেও অ্যাখা দিয়েছেন ইয়ান। অ্যাশের শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জোয়েল গার্নারের প্রসঙ্গ তুলেছেন চ্যাপেল।

শামি এবং ইশান্তের প্রশংসা
ইয়ান চ্যাপেলের কথায়, মহম্মদ শামি ভারতীয় দলের হয়ে দেশে এবং বিদেশে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন। অন্যদিকে টিম ইন্ডিয়ার ২০১৮ সালের অস্ট্রেলিয়া সফর থেকে ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে নতুন করে জন্মাতে দেখেছে বিশ্ব। এরপর থেকে ভারতীয় ক্রিকেটারকে আর পিছনে তাকাতে হয়নি বলে মনে করেন ইয়ান চ্যাপেল।

তিন ভারতীয় বোলারের কেরিয়ার
ভারতীয় দলের হয়ে ৭৮টি টেস্ট খেলা রবিচন্দ্রণ অশ্বিন ৪০৯টি উইকেট নিয়েছেন। টেস্টে তিনি ৩০ বার এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন অফ স্পিনার। দেশের হয়ে ৫০টি টেস্ট ম্যাচ খেলে ১৮০টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট পাঁচ বার নিয়েছেন বাংলার ফাস্ট বোলার। ভারতের হয়ে ১০১টি টেস্ট ম্যাচ খেলে ৩০৩টি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। টেস্টের এক ইনিংসে ১১ বার পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন দিল্লির তারকা।












Click it and Unblock the Notifications