IPL: বৃষ্টির কোপে আইপিএল ফাইনাল, পিছিয়ে যাচ্ছে শামি-গিলদের লন্ডন যাত্রা
বরুণ দেবের রোষে নির্ধারিত দিনে শেষ হল না আইপিএল। রবিবার বৃষ্টিতে পণ্ড হয়ে যায় আইপিএল ফাইনাল। সোমবার সন্ধ্যায় কাপ যুদ্ধের লড়াইয়ে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। কিন্তু ফাইনাল পিছিয়ে যাওয়ায় শামি-গিলদের নির্ধারিত সময়ে লন্ডন যাওয়া নিয়ে সংশয় তৈরি হল।
শুভমন গিল, মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজা এবং অজিঙ্ক রাহানে চারজনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে যাওয়ার কথা সোমবার রাতে। কিন্তু ফাইনাল ম্যাচ একদিন পিছিয়ে যাওয়ায় সোমবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন না এই চার ক্রিকেটার।

আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৩০ মে-র মধ্যে ওভালে পৌঁছে যাওয়ার কথা ছিল গোটা ভারতীয় দলের। বুধবার থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করার পরিকল্পনা করেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু আইপিএল ফাইনাল পিছিয়ে যাওয়ায় ধাক্কা খেল দ্রাবিড়ের পরিকল্পনা।
৩০ জুন অর্থ্যাত মঙ্গলবারের মধ্যে সব ক্রিকেটারদের ওভালে একত্রিত হওয়ার সম্ভবনা কমে গেল। মনে করা হচ্ছে মঙ্গলবার লন্ডন উড়ে যাবেন চার ক্রিকেটার। বুধবার দলের অনুশীলনে সরাসরি যোগ দেবেন তাঁরা। ফলে কোনও বিশ্রামের সুযোগ থাকছে না শামি-গিলদের।



রবিবার মুম্বই থেকেই ঈশান এবং রোহিতরা লন্ডন উড়ে যান। সূর্যকুমার যাদব প্রথম দলে না থাকলেও তিনি রয়েছেন স্ট্যান্ড বাইদের তালিকায়। এই ব্যাচের সঙ্গে গিয়েছেন যশস্বী জয়সওয়ালও।
প্রাথমিকভাবে জাতীয় নির্বাচকরা মূল স্কোয়াডের সঙ্গে তিনজন ক্রিকেটারের নাম স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষণা করেন। সূর্যকুমার যাদব, ও বাংলার পেসার মুকেশ কুমারের সঙ্গে ঋতুরাজের নাম ছিল সেই তালিকায়। কিন্তু ব্যক্তিগত কারণে ঋতুরাজ দলের সঙ্গে যেতে না পারায় তাঁর পরিবর্তে লন্ডনের বিমান উঠলেন যশস্বী।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications