IPL Auction 2024: বেঙ্কটেশেই খরচ ২৩.৭৫ কোটি! 'রিটেন না করার খেসারত,' নাইটদের সমালোচনায় মুখর নেটাগরিকরা
IPL Auction 2024: ২০২৫ এর আইপিএলের মেগা নিলামে বড়সড় চমক কলকাতা নাইট রাইডার্সের। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে বেঙ্কটেশ আইয়ারকে কিনে নিল কেকেআর। এর আগে রিটেনশন তালিকায় তাঁর নাম রাখেনি শাহরুখ খানের দল। সেই নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি কেকেআরকে। রবিবার পুরোনো সহযোদ্ধাকে ফেরাতেই ফের নাইট ব্রিগেডের বিরুদ্ধে মুখর সোশ্যাল মিডিয়া।
রিটেনশন তালিকায় মোট ছয় ক্রিকেটারকে ধরে রেখেছিল নাইট রাইডার্স। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা ও রমনদীপ সিংয়ের নাম ছিল রিটেনশন লিস্টে। নিলামে বিশাল অঙ্কের টাকা খরচ না করে আগেই কেন বেঙ্কটেশকে রিটেন করা হল না, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন একের পর এক নেটাগরিক।

এক নেটাগরিক আবার লিখেছেন, "২০২৩-এ ৯ কোটি, ২০২৪ সালের আইপিএলের নিলামে ৮ কোটির দরের পর ২০২৫ সালে সোজা ২৩ কোটির বেশিতে বেঙ্কটেশকে (Venkatesh Iyer) কেনা হল। এর চেয়ে ভালো রিটেনই করা যেত।" অনেকে আবার উপহাস করেছেন শ্রেয়স আইয়ারকে কেকেআরের ধরে না রাখা নিয়েও।
রিটেনশন তালিকায় (KKR Retention List) তাঁর নাম না দেখতে পেয়ে কেঁদে ফেলেছিলেন বেঙ্কটেশ আইয়ার। তালিকায় নাম আশা করেছিলেন তিনি। কেকেআরের সঙ্গে তাঁর ক্রিকেটের বাইরেও আবেগের সম্পর্ক জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছিলেন বেঙ্কটেশ।
কেকেআরই (KKR) তাঁকে প্রথম সুযোগ দিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তবে নিলামের পর মুখে হাসি ফিরেছে বেঙ্কটেশের। লখনউ ও বেঙ্গালুরু দড়ি টানাটানি করলেও এতটুকু কার্পণ্য না করে বেঙ্কটেশকে ফেরাল কলকাতা (Kolkata Knight Riders)।
বেঙ্কটেশকে কেনা প্রসঙ্গে এদিন প্রতিক্রিয়া দেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরও। তিনি বলেন, "এভাবেই নিলাম হয়। দিনের শেষে আপনাকে ভেবে নিতে হয় আপনি কীরকম প্লেয়ার চাইছেন। নিলামে খেলোয়াড়দের দরে সবসময়েই চমক থাকে। স্য়ালারি ক্যাপ বাড়লে দামও বাড়বে। আমাদের লক্ষ্য ছিল কোর টিম ধরে রাখা।"
ভেঙ্কি আরও বলেন, "আমরা ৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছিলাম। গতবারের ২-৩ জন খেলোয়াড়কে ফিরিয়ে আনা হয়েছে। এটাই আমাদের পরিকল্পনা ছিল। বেঙ্কটেশকে দলে ফেরানো হবে না, এমনটা আমরাও চাইনি। তবে সবদিক বিচার করলে, দলে ভারসাম্য বজায় রয়েছে।"












Click it and Unblock the Notifications