IPL Auction 2024: আইপিএল নিলামে আরসিবি টার্গেট করুক চার তারকাকে, পরামর্শ এবি ডি ভিলিয়ার্সের
IPL Auction 2024: আইপিএলের নিলাম চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। তার আগে তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে আরসিবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিতে পারবে ২২ জন ক্রিকেটারকে। রয়েছে ৮৩ কোটি টাকা। আরসিবিকে নিলামের আগে মূল্যবান পরামর্শ দিলেন এবি ডি ভিলিয়ার্স।

বিরাট কোহলিকে ২১ কোটি, রজত পাটীদারকে ১১ কোটি ও যশ দয়ালকে ৫ কোটি টাকার বিনিময়ে ধরে রেখেছে আরসিবি। আরসিবির অন্যতম কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স মনে করেন, চার বোলারকে নিতে পারলে বিরাট কোহলিদের বোলিং বিভাগ দারুণ শক্তিশালী হবে।
আইপিএলের নিলাম থেকে যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি পেসার কাগিসো রাবাডা ও ভুবনেশ্বর কুমারকে নেওয়ার পরামর্শ দিলেন এবিডি। চাহাল ও অশ্বিন ২০২২ থেকে চলতি বছর অবধি ছিলেন রাজস্থান রয়্যালসে। ভুবনেশ্বরকে সানরাইজার্স হায়দরাবাদ ও রাবাডাকে পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে।
এবিডির কথায় এই চার স্মার্ট ক্রিকেটার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন। নিজের ইউটিউব চ্যানেলে এবিডি বলেন, আমি সব সময় বিশ্বমানের স্পিনারদের নেওয়ার বিষয়ে প্রাধান্য দিতে পছন্দ করি। চাহালকে আরসিবিতে নিজের ঘরে ফেরানো যেতে পারে।
চাহাল ও অশ্বিন একসঙ্গে থাকলে আরসিবির স্পিন আক্রমণ অন্য মাত্রায় পৌঁছে যাবে বলে আত্মবিশ্বাসী ডি ভিলিয়ার্স। তিনি বলেন, কাগিসো রাবাডার সঙ্গে চাহাল ও অশ্বিন এবং আমার চতুর্থ পছন্দের ক্রিকেটার হিসেবে ভুবনেশ্বর কুমারকে আরসিবিতে দেখতে চাই।
এই চার ক্রিকেটারকে নিতে আরসিবির কার্পণ্য করা উচিত নয় বলই মত এবিডির। এই চারজনকে নিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে তারপর বাকিদের নেওয়ার পরামর্শ দিয়েছেন আরসিবির প্রাক্তন তারকা। চিন্নাস্বামীর সঙ্গে পরিচিত ক্রিকেটার, যাঁরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবেন, খেলা সম্পর্কে সম্যক ধারণা আছে, এমন প্লেয়ারদের নিয়েই দল সাজানো উচিত বলে মনে করেন ডি ভিলিয়ার্স। আরসিবির সাফল্য সুনিশ্চিত করতে এই চার ক্রিকেটারের মধ্যে বোঝাপড়াও অবদান রাখতে পারে বলে ধারণা প্রাক্তন প্রোটিয়া অধিনায়কের।












Click it and Unblock the Notifications