IPL 2025: হার্দিক নন শুভমান! লোভনীয় প্রস্তাব উপেক্ষা করেই বিশ্বস্ত থাকলেন, বড় পদক্ষেপ গুজরাত টাইটান্সেরও
IPL 2025: শুভমান গিল হার্দিক পাণ্ডিয়া হলেন না! বিশ্বস্ত থাকলেন গুজরাত টাইটান্সের প্রতি। লোভনীয় প্রস্তাব ছিল। ছিল গুজরাত টাইটান্স ছেড়ে আইপিএল নিলামে যাওয়ারও।
যদিও গিলকে গুজরাত টাইটান্স ধরে রাখছে বলেই দাবি করছে সংবাদসংস্থা এএনআই। শুভমানকে সামনে রেখেই ২০২২ সালের চ্যাম্পিয়নরা শক্তিশালী দল গঠন করতে চাইছে।

শুভমান গিল ২০১৮ থেকে ২০২১ সাল অবধি আইপিএল খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ২০২২ সালের আগে তাঁকে কেন কেকেআর ছেড়ে দিল অনেকদিন ধরে তার উত্তর খোঁজার চেষ্টা করেছেন গিল। বিশেষ করে ২০২০ ও ২০২১ সালের আইপিএলে কেকেআরের হয়ে চারশোর উপর রান করা সত্ত্বেও।
২০২২ থেকে শুভমান গিল খেলছেন গুজরাত টাইটান্সে। ২০২২ সালে ১৬ ম্যাচে ৪৮৩, ২০২৩ সালে ১৭ ম্যাচে তিনটি শতরান ও চারটি অর্ধশতরান-সহ ৮৯০ রান করেন। হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায় গিলকে অধিনায়ক করে গুজরাত টাইটান্স।
তবে তিনবার আইপিএল খেলে এবারই প্রথম প্লে-অফ খেলতে পারেনি গুজরাত টাইটান্স। ২০২২ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, ২০২৩ সালে রানার-আপ। তা সত্ত্বেও শুভমান গিলকেই প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে ধরে রাখতে চলেছে গুজরাত টাইটান্স।
এএনআই সূত্র উল্লেখ করে জানাচ্ছে, শুভমান গিল আসন্ন আইপিএলেও গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেবেন। তাঁর নেতৃত্বেই খেলবেন রশিদ খান। অনেক বড় দল এবার শুভমানকে নেওয়ার পরিকল্পনা করেছিল। তারা চেয়েছিল গিল আইপিএল নিলামে নিজেকে রাখুন। কিন্তু তিনি গুজরাত টাইটান্সের প্রতি বিশ্বস্ত থেকেই সে পথে হাঁটেননি। শক্তিশালী দল গঠন করতে চাইছেন।
শুভমানকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁকে হাতছাড়া করতে চাইছে না গুজরাত টাইটান্স। আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন গিল। সর্বোপরি যেভাবে তিনি বিভিন্ন লোভনীয় অফার থাকা সত্ত্বেও আইপিএল নিলামে নিজের ভাগ্য পরীক্ষায় গেলেন না, সেই বিষয়টিকেই তারিফ করছেন সকলে।
শুভমান গিল এখনও পর্যন্ত ১০৩টি ম্যাচের ১০০ ইনিংসে ১৫ বার অপরাজিত থেকে ৩২১৬ রান করেছেন। গড় ৩৭.৮৩, স্ট্রাইক রেট ১৩৫.৬৯। চারটি শতরান ও ২০টি অর্ধশতরান রয়েছে। টি২০ কেরিয়ারে তাঁর সেঞ্চুরি ৬টি। ২১টি টি২০ আন্তর্জাতিকে গিল ৫৭৮ রান করেছেন। একটি শতরান ও তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে।
হার্দিক পাণ্ডিয়াকে গতবার অধিনায়ক রাখার কথা ঘোষণা করেছিল গুজরাত টাইটান্স। তারপরও তিনি চলে যান মুম্বই ইন্ডিয়ান্সে। রোহিতের নাম প্রকাশ করার পরও তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। সেই আবহে শুভমান বিশ্বস্ততার নিরিখে হার্দিকের উল্টো মেরুতেই থাকলেন।












Click it and Unblock the Notifications