IPL 2025: আইপিএলে নজির গড়লেন অধিনায়ক শ্রেয়স, ভারতীয় দলে ফিরতে নির্বাচকদের দিলেন বার্তাও
রবিবার একটি টিভি অনুষ্ঠান থেকে পাঞ্জাব কিংসের পরবর্তী অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নাম ঘোষণা করা হয়। কেকেআরকে চ্যাম্পিয়ন করে দলবদল করেছেন শ্রেয়স। প্রীতি জিন্টার দলে গিয়েও নেতৃত্বের ভার পেলেন শ্রেয়স। সেইসঙ্গে আইপিএলে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় এই তারকা।
রবিবারই বিসিসিআইয়ের পক্ষ থেকে ২০২৫ সালের আইপিএল শুরুর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আইপিএল শুরুর অনেক আগেই একটি নজির গড়ে ফেললেন শ্রেয়স। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের তিনটি দলের অধিনায়ক হলেন শ্রেয়স। এর আগে দিল্লি ক্যাপিটালস এবং কেকেআর দলের নেতৃত্বের ভার সামলেছেন শ্রেয়স, আসন্ন মরশুমে পাঞ্জাব কিংস দলকে নেতৃত্ব দেবেন।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ নেতৃত্ব দিয়েছেন পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রাইজিং পুণে সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালসকে। ২০১৮ সালে আইপিএলের মাঝেই শ্রেয়সকে অধিনায়ক করেছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। শ্রেয়সের নেতৃত্বে টানা তিন মরশুম দিল্লি প্লে-অফ খেলে। যার মধ্যে ২০২০ সালে আইপিএলে রানার্সও হয়। ।শ্রেয়স ২০২২ থেকে ২০২৪ অবধি কেকেআরের অধিনায়ক ছিলেন। ২০২৪ সালে শ্রেয়সের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কেকেআর। কিন্তু চ্যাম্পিয়ন অধিনায়ককে দলে রাখেনি নাইটরা। নিলামে তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস।
শ্রেয়স আইয়ারকে যে পা়ঞ্জাব অধিনায়ক করার জন্যই দলে নিয়েছে সেটা আগে থেকেই স্পষ্ট ছিল। অপেক্ষা ছিল শুধু সরকারি ঘোষণা। নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর শ্রেয়স জানিয়েছেন, পাঞ্জাব কিংস আমার উপর ভরসা রাখায় আমি সম্মানিত। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে ফের একবার কাজ করতে মুখিয়ে রয়েছি।
পাঞ্জাব দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পেতে মরিয়া শ্রেয়স। ভারতীয় দলে যে কোনও অর্ডারে যে তিনি ব্যাটিং করতে প্রস্তুত সেটাও জানিয়েছেন শ্রেয়স। একটি সাক্ষাৎকারে শ্রেয়স বলেছেন, ভারতীয় দলে অবশ্যই ফিরতে চাই। ব্যাটিং অর্ডার নিয়েও ভাবছি না। যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি। বিশ্বকাপের একটা ম্যাচে রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা জুটি গড়েছিলাম। দারুন একটা সময় কেটেছিল।












Click it and Unblock the Notifications