IPL 2025: গুরুদায়িত্ব গুজরাত টাইটান্সে! পার্থিব প্যাটেল স্থলাভিষিক্ত হচ্ছেন গ্যারি কার্স্টেনের
IPL 2025: আইপিএলের আসরে ফের আসতে চলেছেন পার্থিব প্যাটেল। তবে ক্রিকেটার হিসেবে নয়। গুজরাত টাইটান্সের ব্যাটিং মেন্টর হতে চলেছেন ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পার্থিব ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন ও ২০২৩ সালের রানার-আপ দলে গ্যারি কার্স্টেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

কার্স্টেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের হেড কোচ হওয়ার পর থেকেই গুজরাত টাইটান্সে ব্যাটিং কোচ ও মেন্টরের পদটি খালি ছিল। আশিস নেহরা এবারও গুজরাত টাইটান্সের হেড কোচ। বিক্রম সোলাঙ্কি ডিরেক্টর অব ক্রিকেট। সোলাঙ্কি সম্প্রতি দিল্লি বনাম তামিলনাড়ু রঞ্জি ম্যাচ দেখতে মাঠে ছিলেন।
গুজরাত টাইটান্সের যুক্ত হওয়ার আগে পার্থিব মুম্বই ইন্ডিয়ান্স দলের স্কাউটের ভূমিকা পালন করছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে ঘরোয়া ক্রিকেট, এমনকী বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচ দেখতে হাজির থেকে প্রতিভা অন্বেষণের কাজ চালাচ্ছিলেন।
২০২০ সালের ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পার্থিব। তারপর থেকে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিভা অন্বেষণের কাজে নিযুক্ত ছিলেন। সেই সঙ্গে ধারাভাষ্যও দিচ্ছিলেন। সারা দেশে প্রতিভা অন্বেষণের কাজ করা পার্থিব আইপিএল নিলামেও গুজরাত টাইটান্সকে মূল্যবান পরামর্শ দিতে পারবেন।
আইপিএলে ২০০৮ সাল থেকে খেলেছেন পার্থিব। চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স কেরল, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলগুলিতে খেলেছেন। আইপিএল কেরিয়ার শেষ করেছেন আরসিবির হয়ে খেলে।
হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়ায় শুভমান গিলকে অধিনায়ক করে গুজরাত টাইটান্স। যদিও চলতি বছর গুজরাত টাইটান্স প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে নেহরার সঙ্গে পার্থিব গিলকে গাইড করতে পারবেন আগামী মরশুমেই দলকে ফের সাফল্যের সরণিতে ফেরানোর কাজে।












Click it and Unblock the Notifications