IPL 2025, KKR vs GT Updates: কেকেআরের ফের হার! সব বিভাগে টেক্কা দিয়ে ইডেনে নাইটদের বিরুদ্ধে অপরাজেয় গুজরাত
IPL 2025: আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। কেকেআর জয়ের সরণিতে ফিরতে মরিয়া।
গুজরাতের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। এই দ্বৈরথের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যানের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

কেকেআরের হার!
পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে কেকেআর ৪৫ রান তোলে, ২ উইকেট খুইয়ে। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে কেকেআর ৬৯ রানের বেশি তুলতে পারেনি, হারায় আরও ২ উইকেট। কুইন্টন ডি ককের জায়গায় সুযোগ পেলেও ব্যর্থ রহমানুল্লাহ গুরবাজ।
গুরবাজ প্রথম ওভারের পঞ্চম বলে আউট হন। তিনি করেন ৪ বলে ১। সুনীল নারিন ১৩ বলে ১৭, বেঙ্কটেশ আইয়ার ১৯ বলে ১৪, আন্দ্রে রাসেল ১৫ বলে ২১, রামনদীপ সিং ২ বলে ১, মঈন আলি ২ বলে শূন্য রানে আউট হন।
কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩৬ বলে সর্বাধিক ৫০ রান করে আউট হন। রাহানে পাঁচটি চার ও ১টি ছয় মারেন। রাসেলের ইনিংসে রয়েছে তিনটি চার ও ১টি ছয়। জঘন্য ব্যাটিংয়ে কখনও কেকেআর এদিন চ্যালেঞ্জই ছুড়তে পারেনি গুজরাতের বোলারদের উপর।
রিঙ্কু সিং পাঁচে নেমেছিলেন। তাঁকে শেষ ওভারে আউট করলেন ইশান্ত শর্মা। রিঙ্কু ১৪ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। ইমপ্যাক্ট সাব অঙ্গকৃষ রঘুবংশীকে নয়ে নামানোর যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিন নাইট ব্যাটারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট রঘুবংশীরই।
কেকেআর ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান তুলল। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে রঘুবংশী ১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। হর্ষিত রানা ২ বলে ১ রানে অপরাজিত থাকেন। গুজরাত টাইটান্স জয় পেল ৩৯ রানে।
প্রসিদ্ধ কৃষ্ণ দখলে রাখলেন বেগুনি টুপি। প্রসিদ্ধ ও রশিদ খান দুজনেই ৪ ওভারে ২৫ রান খরচ করে দুটি করে উইকেট দখল করলেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৩২, ওয়াশিংটন সুন্দর ৩ ওভারে ৩৬, সাই কিশোর ৩ ওভারে ১৯ ও ইমপ্যাক্ট সাব ইশান্ত শর্মা ২ ওভারে ১৮ রান দিয়ে পেলেন ১টি করে উইকেট।
গুজরাত টাইটান্স ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল। নেট রান রেট ১.১০৪। কলকাতা নাইট রাইডার্স সাতে রইল ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। নেট রান রেট ০.২১২। ইডেনে কেকেআরকে শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামতে হবে হারের হ্যাটট্রিক এড়ানোর জন্য।
কেকেআরের টার্গেট ১৯৯
টস জিতে কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে পাঠায় গুজরাত টাইটান্সকে। নির্ধারিত ২০ ওভারে গুজরাত তুলল ৩ উইকেটে ১৯৮। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে গুজরাত টাইটান্স কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান তোলে। ৭ থেকে ১৫ ওভারে তারা ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ৯৪ রান। শেষ ৫ ওভারে পড়ে ২ উইকেট, ৫৯ রান আসে।
ওপেনিং জুটি ভাঙতে কেকেআরকে অপেক্ষা করতে হয় ১২.২ ওভার পর্যন্ত। শুভমান গিল ও বি সাই সুদর্শন ১১৪ রানের পার্টনারশিপ গড়লেন। চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে এদিন চারশোর গণ্ডি টপকে কমলা টুপির দখল নিলেন সাই সুদর্শন।
সুদর্শন ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫২ রান করলেন। ৮ ম্যাচে তাঁর রান ৪১৭। গড় ৫২.১৩, স্ট্রাইক রেট ১৫২.১৮। এদিন চলতি আইপিএলে পঞ্চম অর্ধশতরান তিনি পূর্ণ করেন ৩৩ বলে। তার আগেই শুভমান গিল ৩৪ বলে ৫০ রানে পৌঁছে যান।
গিল কেকেআরের প্রাক্তনী। ইডেনেই তিনি পেয়েছিলেন টি২০ কেরিয়ারের প্রথম শতরান, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। আজ গিল যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল ইডেনেই টি২০ কেরিয়ারের সপ্তম শতরান আসা বোধ হয় সময়ের অপেক্ষা।
যদিও সেঞ্চুরির থেকে ১০ রান দূরে গিলকে থামিয়ে দিলেন বৈভব অরোরা। ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৯০ রান করে সাজঘরে ফিরলেন গুজরাত টাইটান্স অধিনায়ক।১৭.৫ ওভারে ১৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় গুজরাত টাইটান্স।
১৮.৩ ওভারে রাহুল তেওয়াটিয়াকে আউট করে দেন হর্ষিত রানা। রাহুল ২ বল খেললেও খাতা খুলতে পারেননি। জস বাটলার তিনে নেমে ২৩ বলে ৪১ রানে অপরাজিত থাকলেন। ৮টি চার মেরেছেন। এম শাহরুখ খান ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন, ১টি ছয় মেরেছেন তিনি।
বৈভব অরোরা ৪ ওভারে ৪৪, হর্ষিত রানা ৪ ওভারে ৪৫ ও আন্দ্রে রাসেল ১ ওভারে ১৩ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৩, সুনীল নারিন ৪ ওভারে ৩৬ ও মঈন আলি ৩ ওভারে ২৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।
গুজরাতের ওপেনারদের দাপট
প্রথম ১১ ওভারে গুজরাত টাইটান্সের কোনও উইকেট ফেলতে পারলেন না কেকেআরের বোলাররা। পাওয়ারপ্লের ৬ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৪৫। ১০ ওভারের শেষে তা গিয়ে দাঁড়ায় বিনা উইকেটে ৮৯ রানে। শুভমান গিল ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। সাই সুদর্শনের লাগে ৩৩ বল। ১১ ওভারের শেষে গুজরাত টাইটান্স বিনা উইকেটে ১০৪। সাই সুদর্শন ৩৩ বলে ৫০ ও গিল ৩৪ বলে ৫০ রানে অপরাজিত।
পয়েন্ট তালিকায় দলগত অবস্থান
গুজরাত টাইটান্স ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তাদের নেট রান রেট ০.৯৮৪। কলকাতা নাইট রাইডার্স রয়েছে সাত নম্বরে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। নেট রান রেট ০.৫৪৭। আজ জিতলে মুম্বই ইন্ডিয়ান্সকে সরিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসবে কেকেআর। এই মুহূর্তে পাঁচটি দল দাঁড়িয়ে ১০ পয়েন্টে।












Click it and Unblock the Notifications