IPL 2025: ইডেনে কলকাতা-গুজরাত দ্বৈরথে একাধিক নজিরের হাতছানি, শুভমান থেকে বরুণরা ঈর্ষণীয় কীর্তির দোরগোড়ায়
IPL 2025: আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। কেকেআর জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর। না হলে কঠিন হবে প্লে-অফে যাওয়ার লড়াই।
গুজরাত টাইটান্স জয়ের ধারাবাহিকতা বজায় রেখে প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে। আজ জিতলে শুভমান গিলরাই প্রথম পৌঁছে যাবেন ১২ পয়েন্টে।

গুজরাত টাইটান্স ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তাদের নেট রান রেট ০.৯৮৪। কলকাতা নাইট রাইডার্স রয়েছে সাত নম্বরে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। নেট রান রেট ০.৫৪৭। আজ জিতলে মুম্বই ইন্ডিয়ান্সকে সরিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসবে কেকেআর। এই মুহূর্তে পাঁচটি দল দাঁড়িয়ে ১০ পয়েন্টে।
শুভমান গিল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী। টি২০ কেরিয়ারে প্রথম শতরানটিও হাঁকান ইডেন গার্ডেন্সে। আজ শুভমান যদি ৬৯ রান করেন তাহলে আইপিএলে সাড়ে তিন হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ফেলবেন গুজরাত টাইটান্স অধিনায়ক।
ইডেনের উইকেট স্পিনারদের সহায়তা করতে পারে। ফলে ওয়াংশিটন সুন্দর থাকতে পারেন গুজরাত টাইটান্সের একাদশে। তিনি ৭১ রান করলে আইপিএলে ৫০০ রান পূর্ণ করবেন। যদিও আজকের ম্যাচে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার আইপিএলে দেড় হাজার রান পূর্ণ করা থেকে রয়েছেন ৫৩ রান দূরে। কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী যদি আজ দুটি উইকেট নেন, তাহলে টি২০-তে দেড়শো উইকেটের মালিক হয়ে যাবেন তিনি।
Get ready to fight💪🏻🔥 pic.twitter.com/cr0FPypfJ2
— KolkataKnightRiders (@KKRiders) April 21, 2025
আইপিএলে কেকেআর বনাম গুজরাত টাইটান্স দ্বৈরথে কেকেআরের জয় ১টিতে, দুটিতে জিতেছে গুজরাত টাইটান্স। গত বছরের একমাত্র ম্যাচটি পরিত্যক্ত হয়। ইডেনে এই দুই দল একবারই পরস্পরের মুখোমুখি হয়েছে। ২০২৩ সালের সেই ম্য়াচে ৭ উইকেটে কেকেআরকে হারিয়েছিল গুজরাত টাইটান্স।
ইডেনে কলকাতা নাইট রাইডার্স আজ অবধি ৯১টি ম্যাচ খেলেছে। জিতেছে ৫৩টি, হেরেছে ৩৮টিতে। কলকাতা বনাম গুজরাত দ্বৈরথে সবচেয়ে বেশি রান করেছেন বিজয় শঙ্কর। গুজরাত টাইটান্সের হয়ে ২ ম্যাচে ১১৪ রান করেছেন তিনি। কেকেআরের বেঙ্কটেশ আইয়ার ৩ ম্যাচে ১১১ ও রিঙ্কু সিং ৩ ম্যাচে ১০২ রান করেছেন।
দুই দলের দ্বৈরথে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। তিনি ৩ ম্যাচে ৬ উইকেট ঝুলিতে পুরেছেন গুজরাত টাইটান্সের হয়ে। রশিদ খানের রয়েছে ৩ ম্যাচে ৫ পয়েন্ট। কেকেআরের আন্দ্রে রাসেল ২ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications