IPL 2025: সুদর্শনের দুরন্ত ব্যাটিংয়ের পর প্রসিদ্ধের অনবদ্য বোলিং, ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে শীর্ষে গুজরাত
বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। এই ম্যাচে ৫৮ রানে জয় পেল শুভমান গিলের দল। সেইসঙ্গে আইপিএলে জয়ের ধারা বজায় রেখে শীর্ষস্থান দখল করে নিল গুজরাত।
টস জিতে গুজরাতের বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। হাসারঙ্গা ব্যক্তিগত কারণে এই ম্যাচ খেলতে না পারায় রাজস্থান দলের প্রথম একাদশে সুযোগ পান ফারুকি। গুজরাত শেষ ম্যাচের দলই ধরে রাখে। ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাত। এই ম্যাচেও রান পেলেন না শুভমান গিল। তাঁকে ৩ রানে বোল্ড করে দেন জোফ্রা আর্চার। শুরুর ধাক্কা সঙ্গে সঙ্গে কাটিয়ে ওঠে গুজরাত।

ঘরের মাঠে সুদর্শন এবং জস বাটলার জুটি গড়েন এবং গুজরাতের স্কোর বোর্ডকে সচল রাখেন। এই দুইজন মিলে ৮০ রানের পার্টনারশিপ তৈরি করেন । বাটলার ২৫ বলে ৩৬ রান করে মাহিশ থিকশানার বলে আউট হন। শাহরুখ খান ২০ বলে ৩৬ রান করে মাহিশ থিকশানার বলে আউট হলেন। শেরফেন রাদারফোর্ড ৭ রান করে আউট হলেন।
এই ম্যাচে নিজের ছন্দ বজায় রাখেন সাই সুদর্শন। তিনি ৫৩ বলে ৮২ রানের অনবদ্য একটা ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং তিনটি ছক্কা। চলতি আইপিএলের শুরু থেকেই ভালো ছন্দে আছেন সুদর্শন। রাজস্থানের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখলেন।
শেষ দিকে রাহুল তেওটিয়া ১২ বলে ২৪ এবং রশিদ খান ৪ বলে ১২ রান করেন। ফলে গুজরাতের স্কোর ২০০ টপকে যায়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৭ রান তোলে গুজরাত। রাজস্থানের হয়ে মাহিশ থিকশানা ও তুষার দেশপাণ্ডে দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুটি উইকেট হারায় রাজস্থান। ব্যাটিং করতে নেমে ৭ বলে ৬ রান করে আউট হলেন যশস্বী। এই ম্যাচেও খারাপ পারফরম্যান্স করলেন যশস্বী। তিন নম্বরে নেমে নীতীশ রানাও ১ রান করে আউট হলেন। এরপর রাজস্থানের ব্য়াটিংয়ের হাল ধরেন সঞ্জু এবং রিয়ান পরাগ। রিয়ান ১৪ বলে ২৬ রান করে আউট হলে শিমরন হেটমায়ারের সঙ্গে জুটি বাধেন সঞ্জু।
এই ম্যাচে শুরুটা ভালো করলেও ৪১ রান করেই প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হলেন সঞ্জু। চারটি চার এবং দুটি ছক্কা মারেন।শিমরন হেটমায়ার অর্ধশতরান করলেন। ৩২ বলে ৫২ রান করে প্রসিদ্ধের বলে আউট হলেন। পরিবর্ত হিসাবে নামা শিবম দুবে ১ রান করে আউট হলেন। আর্চার ৪ রান করে আউট হলেন।
শেষ পর্যন্ত ১৯.২ ওভারেই ১৫৯ রানেই অল আউট হয় রাজস্থান। প্রসিদ্ধ কৃষ্ণ চার ওভারে ২৪ রান খরচ করে তিন উইকেট নিয়েছেনএই ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৭ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন রশিদ খান। সাই কিশোর ২টি উইকেট নেন। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগের ১ নম্বরে গুজরাত।












Click it and Unblock the Notifications