IPL 2025 Exclusive: আইপিএল খেলতে এসে আচমকা কোলাঘাটের কাছের গ্রামে মহম্মদ শামি, কারণটা জানেন?
IPL 2025 Exclusive: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে এসে আচমকাই কোলাঘাটে কয়েক ঘণ্টা কাটিয়ে এলেন মহম্মদ শামি। এখন যিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন।
ইডেনে গতকাল কেকেআরের কাছে সানরাইজার্স হেরেছে ৮০ রানে। শামি ৪ ওভারে ২৯ রান দিয়ে সাজঘরে ফেরান সুনীল নারিনকে।

এই ম্যাচের আগের দিন দলের অপশনাল প্র্যাকটিসে হাজির ছিলেন না শামি। মনে করা হচ্ছিল, তিনি বুঝি ম্যাচের আগের দিন হোটেলে বিশ্রাম নিচ্ছেন। যদিও মঙ্গলবার ইডেনে নেটে বেশ পুরোদস্তুর অনুশীলন করেছিলেন ভারতীয় দলে খেলা বাংলার পেসার।
জানা গেল, বুধবার শামি গিয়েছিলেন কোলাঘাটের কাছে জামিট্যা গ্রামে। ভাবতেই পারেন, কলকাতা থেকে তিনি হঠাৎ সেখানে কেন? কারণ হলো, জামিট্যা গ্রামে থাকেন দয়ানন্দ গরানি। ভারতীয় দলের থ্রো ডাউন বিশারদ। গরানিকে শামি কথা দিয়েছিলেন, আইপিএলের ফাঁকেই তাঁর আমন্ত্রণ রক্ষা করে জামিট্যায় যাবেন। সেই কথাই রাখলেন শামি।
Our Head coach, Daniel Vettori addresses the squad after #KKRvSRH#PlayWithFire | #TATAIPL2025 pic.twitter.com/TFn8bGgBcv
— SunRisers Hyderabad (@SunRisers) April 4, 2025
শামি যখন কোলাঘাটে পৌঁছলেন তখন আঁধার নেমে এসেছে। গাড়িতেই গিয়েছিলেন। তাঁকে যাতে কেউ চিনতে না পারেন সেজন্য মাথা মুড়িয়ে রেখেছিলেন চাদর দিয়ে। এরপর মূল রাস্তা থেকে কিছু দূরে গরানির বাড়িতে শামিকে নিয়ে যাওয়া হয় বাইকে করে। শামি যেমন দয়ানন্দকে কথা দিয়েছিলেন তাঁর বাড়িতে যাওয়ার, তেমনই দয়ানন্দর বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাঁকেও দেখে এলেন শামি।
দয়ানন্দ গরানির উদ্যোগে জামিট্যায় শহিদ মাতঙ্গিনী হাজরার নামাঙ্কিত ক্রিকেট আকাদেমি চলে। ৫৫ জন শিক্ষার্থী রয়েছে সেখানে। সেই আকাদেমির কিছু খুদে শিক্ষার্থীও হাজির ছিল শামিকে দেখার জন্য। আমাদেমি দেখভালের দায়িত্বে থাকা শ্যামলেন্দু আদক জানালেন, শামি আকাদেমির শিক্ষার্থীদের পরামর্শ দেন, নিয়মশৃঙ্খলার মধ্যে থেকেই কঠোর অনুশীলন চালিয়ে যেতে।
ক্রিকেটারদের খাওয়াদাওয়া নিয়ে নানা বিধিনিষেধ থাকে। ভারতীয় দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানি সে সম্পর্কে অবহিত। শামির যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে তিনি ছিলেন সচেতন। বেশ কিছুক্ষণ ঘরোয়া আড্ডা চলে। দয়ানন্দর পরিবার, বন্ধুবান্ধবরা ছিলেন সেখানে। এরপর ডিনার সেরে শামি রওনা দেন কলকাতায়।
জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের জন্য খাওয়াদাওয়ার যে গাইডলাইন আছে তা হুবহু মেনে দয়ানন্দ নিজের হাতে শামির জন্য রান্না করেছিলেন। স্টিমড রাইসের সঙ্গে ছিল মটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের আইটেম। ছিল সন্দেশ-সহ স্থানীয় মিষ্টি। তবে ডায়েটের কারণেই শামি মিষ্টি বিশেষ খাননি বলেই খবর।
চলতি আইপিএলে শামি হায়দরাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট পান। আউট করেছিলেন নীতীশ রানাকে। এরপর লখনউ সুপার জায়ান্টস ম্যাচে শামি ৩ ওভারে ৩৭ রান দিয়ে তুলে নেন এইডেন মার্করামের উইকেট। দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেট পাননি। গতকাল শামির বলে কট বিহাইন্ড নন নারিন।












Click it and Unblock the Notifications