IPL 2025: ধোনির জন্যই আইপিএল নিলামে ব্যতিক্রমী নিয়ম? বিতর্কের আবহেই মুখ খুললেন অরুণ ধুমল
২০২৫ সালের আইপিএলের জন্য ইতিমধ্যেই নিলাম নীতি এবং রিটেনশন সংক্রান্ত যাবতীয় নিয়ম প্রকাশ করেছে বিসিসিআই। কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে আগামী বছর আইপিএলের মঞ্চে দেখা যাবে কিনা তা নিয়ে চলা জল্পনার অবসান এখনও হয়নি। তবে আইপিএলের নয়া নিয়মে ধোনিকে কম কাটায় ধরে রাখার সুবর্ণ সুযোগ রয়েছে সিএসকের সামনে।
পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করায় ধোনি ২০২৫ সালের আইপিএল নিলামে অ্যানক্যাপ ক্রিকেটার হিসেবে গণ্য হবেন। ২০২০ সালের অগাস্টে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। তারও এক বছর আগে ২০১৯ সালের জুলাইয়ে একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন মাহি। ধোনির জন্যই কি আইপিএলে আনক্যাপড প্লেয়ারের নয়া নিয়ম চালুা করা হল?

আইপিএলের নিলাম নীতি প্রকাশ হওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে। কারণ এই নিয়মে সবথেকে বেশি সুবিধা হবে ধোনিরই। বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি একটিং সংবাদ মাধ্যমকে বলছেন, 'কোনও একজন নির্দিষ্ট ক্রিকেটারের জন্য এই নিয়ম তৈরি করা হয়নি। কারণ ধোনি এমন একজন ক্রিকেটার তাঁকে যত দামেই হোক না কেন দলগুলো নিতে চাইবে। বয়স বাড়লেও ওর ম্যাচ রিডিং করার ক্ষমতা এবং মাঠে থেকে ওর রণকৌশল তৈরি করার দক্ষতা এখনও প্রশ্নাতীত ।'
এখানেই থেমে না থেকে অরুণ ধুমল আরও বলেছেন, 'আনক্যাপড প্লেয়ারের নয়া নিয়ম সেই সমস্ত ক্রিকেটারদের জন্য যারা দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও এই খেলাকে ভালোবেসে নিজেদের ফিট রেখেছেন। শুধু ধোনি কেন পীযূষ চাওলা, অমিত মিশ্রার মতো ক্রিকেটাররা অনেকদিন ধরেই ভারতীয় দলে খেলেন না কিন্তু আইপিএলে পারফরম্যান্স করে যাচ্ছেন বছরের পর বছর ধরে।'
এর পাশাপাশি অরুণ ধুমল উল্লেখ করেছেন, এই সমস্ত ক্রিকেটাররা খেলাকে ভালোবাসেন বলেই নিজেদের ফিট রেখে আইপিএল খেলছেন। তাই এই নিময় সিনিয়র ক্রিকেটারদেরও আইপিএলের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এবং তাঁদের সম্মান জানানোর জন্য। ধোনির জন্য শুধু মাত্র এই নিয়ম বানানো হয়নি, সকলের জন্যই এই নিয়ম প্রবর্তন করা হয়েছে।'
কয়েক দিন আগেই অবশ্য সিএসকে সিইও কাশী বিশ্বনাথন একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'এখনই নিশ্চিত করে বলার সময় আসেনি যে ধোনিকে রিটেনশন করা হবে। এই নিয়ে চূড়ান্ত কোনও কথা বলার সময় আসেনি। আরও কিছুটা সময় লাগবে এই বিষয়ে কোনও কিছু বলার জন্য।'












Click it and Unblock the Notifications