IPL 2025: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অরিজিৎ সিং, মঞ্চ কাঁপাতে আসছেন বরুণ-শ্রদ্ধা
IPL 2025: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ধামাকা। ইডেন মাতাবেন অরিজিৎ সিং। এখনও বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবারও আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে অরিজিতের লাইভ পারফরম্যান্স। ২০২৩ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও মাতিয়ে দিয়েছিলেন অরিজিৎ।

সেবার অরিজিৎকে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করতেও। আমেদাবাদে হয়েছিল ২০২৩ সালের উদ্বোধনী অনুষ্ঠান। জিয়াগঞ্জের অরিজিৎ এবার নিজের রাজ্যে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন। স্বাভাবিকভাবেই তা নিয়ে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে সকলের মধ্যে।
এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান। জনপ্রিয় গানের তালে দুজনের ডান্স মুভ দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হতে চলেছে। বরুণ বলিউডের জনপ্রিয় নায়কদের একজন। শ্রদ্ধাও অভিনয় করেছেন স্ত্রী, রুহি, এবিসিডি ২-র মতো ছবিগুলিতে।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ ইডেনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায়। ফলে নাইট কর্ণধার শাহরুখ খান, জুহি চাওলাদেরও হাজির থাকার কথা রয়েছে। বরাবরের মতো তাঁদের সঙ্গী হতে পারেন বলিউড ও টলিউডের অনেক তারকাই।
আইপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। ফলে টস হবে সন্ধ্যা সাতটায়। ফলে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে যেতে পারে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে বিসিসিআইয়ের শীর্ষকর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে ইডেনে।
উদ্বোধনী ম্যাচে আবার খেলবেন বিরাট কোহলি। বাড়তি পাওনা অরিজিৎ-শ্রদ্ধা-বরুণদের পারফরম্যান্স। সর্বোপরি গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের ম্যাচ। সবমিলিয়ে টিকিটের হাহাকার। এমনিতেই গতবারের তুলনায় দাম বেড়েছে আইপিএলের টিকিটের। তাতেও ক্রিকেটপ্রেমীদের উন্মাদনায় ভাঁটা নেই। আজ সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুশীলন করেছে কেকেআর। অঙ্গকৃষ রঘুবংশী, সুনীল নারিন, লুভনিথ সিসোদিয়ারা অনুশীলন করলেন চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্র্যাভোদের তত্ত্বাবধানে।
আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে স্টার স্পোর্টসের চ্যানেল ও জিওহটস্টারে।












Click it and Unblock the Notifications