IPL 2024: রোহিতের জন্মদিনে রানের খরা অব্যাহত, রয়েছে আজব মিল! টি২০ বিশ্বকাপের সহ অধিনায়কও চরম ব্যর্থ
IPL 2024: আজ ৩৭ বছর পূর্ণ করলেন রোহিত শর্মা। যদিও জন্মদিনে আইপিএল ম্যাচে ব্যর্থতার ধারা অব্যাহত রইল আজ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লখনউয়ের একানা স্টেডিয়ামে হতাশ করলেন হিটম্যান।
আজই জন্মদিনে টি২০ বিশ্বকাপের অধিনায়ক হয়েছেন রোহিত। চোট সারিয়ে আইপিএলে কামব্যাকের পর আহামরি না খেলেও সহ অধিনায়ক হয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তিনিও আজ চূড়ান্ত ব্যর্থ।

টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে ব্রাত্য লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল টস জিতে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্সকে। ১.৩ ওভারেই আউট রোহিত শর্মা। দলের রান তখন ৭। ৫ বলে চার রান করে মহসীন খানের শিকার হন রোহিত। মেরেছেন ১টি চার।
রোহিত শর্মার জন্মদিন মানেই ব্যর্থতা। চারটি ম্যাচের পরিসংখ্যান দেখলে স্পষ্ট, রোহিত নিজের জন্মদিনে পাঁচ বলের বেশি টেকেননি। ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ বলে ১ রান করে আউট হয়েছিলেন রোহিত। ১.২ ওভারে বোল্ড হন ভুবনেশ্বর কুমারের বলে, দলের ৬ রানে।
২০২২, ২০২৩ ও ২০২৪ সালেরও জন্মদিনে তিনি চূড়ান্ত ব্যর্থ। ২০২২ সালে রোহিতের জন্মদিনে নভি মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্স খেলেছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচে রোহিত ৫ বলে ২ রান করেছিলেন। রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ দেন ড্যারিল মিচেলের হাতে। ২.৩ ওভারে ২৩ রানে রোহিতের উইকেট হারায় মুম্বই।
গত বছর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। খেলেন সেই ৫টি বল, তবে এবার বাড়ে ১ রান। রোহিত ৫ বলে তিন রান করে সাজঘরে ফিরেছিলেন। দ্বিতীয় ওভারের শেষ বলে, দলের ১৪ রানের মাথায়।
আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেই পাঁচটি বলই খেললেন রোহিত। এদিন করলেন চার রান। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া তো আয়ারাম-গয়ারাম। এদিন তিনি আউট হলেন প্রথম বলে, ফিরলেন গোল্ডেন ডাক নিয়ে। ষষ্ঠ ওভারের প্রথম বলে তিলক বর্মা রান আউট হন। পরের বলেই নবীন উল হকের ডেলিভারিতে উইকেটকিপার রাহুলের হাতে ক্যাচ দেন হার্দিক।












Click it and Unblock the Notifications