MS Dhoni: ধোনির ফেসবুক পোস্ট ভাইরাল! আইপিএলের আগে নতুন ভূমিকা নিয়ে তুঙ্গে চর্চা
IPL 2024: মহেন্দ্র সিং ধোনি সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন। মাঝেমধ্যে আবির্ভাব হয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর পোস্ট। অবসর ঘোষণাও তিনি করেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
আজ ফেসবুকে ধোনির একটি পোস্ট নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। ফের জল্পনা, এবারই কি তাহলে ক্রিকেটকে পাকাপাকিভাবে গুডবাই জানাচ্ছেন মাহি?

২০২১ সালের ৩০ এপ্রিল একটি রং প্রস্তুতকারী সংস্থার হয়ে বিজ্ঞাপনের প্রচার সংক্রান্ত বার্তা নিজের ফেসবুক পোস্টে দেন ধোনি। তারপর গত মাসের ১২, ২৩ ও ২৪ তারিখ আরও তিনটি সংস্থার বিজ্ঞাপন ফেসবুকে পোস্ট করেন ধোনি। তারপর এদিনের এই বার্তা।
গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংস খেতাব জেতার পর ধোনি বলেছিলেন, অবসর নেওয়ার এটাই সেরা মুহূর্ত। কিন্তু দেশের নানা প্রান্তে যেভাবে ভালোবাসা, সমর্থন পেয়েছি তাতে আরও একটি মরশুম খেলে অনুরাগীদের আনন্দ দিতে চাই। এবার নতুন লুকেও দেখা যাচ্ছে ধোনিকে।
এক ফ্যানের থেকে পাওয়া ছবি দেখেই নিজের হেয়ার স্টাইল বদলেছেন ধোনি। লম্বা চুলের সেই লুকের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে ধোনির কেরিয়ার শুরুর সময়কার হেয়ার স্টাইলের সঙ্গে। পায়ের অপারেশন করিয়ে আইপিএলের জন্য নিজেকে ম্যাচ ফিটও রেখেছেন মাহি।
সম্প্রতি তাঁর ঘনিষ্ঠ বন্ধু দাবি করেছিলেন, চলতি মরশুম ধোনির আইপিএল কেরিয়ারের শেষ মরশুম নাও হতে পারে। কিন্তু তেমন সম্ভাবনা ক্ষীণ বলেই জানা যাচ্ছে। ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করেছিলেন। যদিও পরে তিনি বলেন, আইপিএল থেকে অবসরের আগে চেন্নাই সুপার কিংসের সমর্থকদের তাঁর খেলা দেখার সুযোগ দেবেন।
গত বছর অনেকেই মনে করেছিলেন, ধোনি শেষ আইপিএল খেলছেন। ফলে যেখানে ধোনি গিয়েছেন সেখানেই তাঁর নাম লেখা সিএসকে জার্সি পরে, পোস্টার, ফেস্টুন নিয়ে মাঠ ভরিয়েছিলেন ভক্তরা। ধোনিকে বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার তরফে সংবর্ধনাও প্রদান করা হয়েছিল।
এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে চেন্নাইয়ে ২২ মার্চ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। প্রথা অনুযায়ী ফাইনালও সেখানেই হওয়ার কথা, যেহেতু সিএসকে গতবারের চ্যাম্পিয়ন। ফলে আরও একবার খেতাব জিতিয়ে বিদায় নেওয়া চেন্নাইয়ে এক দারুণ মুহূর্ত হতে পারে।
ধোনি এবারের আইপিএল চলাকালীনই কারও হাতে অধিনায়কের ভার অর্পণ করে দিতে পারেন। যেমনটা করেছিলেন ২০২২ সালে। যদিও সেবার রবীন্দ্র জাদেজার নেতৃত্বে সিএসকে চরম ব্যর্থ হতেই ফের অধিনায়কত্ব করতে হয় ধোনিকে। ধোনি অবসর নিলেও চেন্নাই সুপার কিংসে গুরুত্বপূর্ণ পদেই থাকবেন। ফলে এবারের মরশুমে নতুন ভূমিকা কী, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকেই মনে করছেন, এটি কোনও বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপনের টিজার হতে পারে।












Click it and Unblock the Notifications