IPL 2023: আইপিএলে গুজরাতকে টপকে শীর্ষে ওঠার লক্ষ্যে রাজস্থান, জয়পুরে জেতার রণকৌশল কেমন?
আইপিএলে শীর্ষস্থান দখলের লড়াইয়ে জয়পুরে গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। হার্দিকের গুজরাত ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। চলতি আইপিএলে গুজরাতকে ফের হারালেই এক নম্বরে চলে আসবে রাজস্থান রয়্যালস।
৯ ম্যাচে রাজস্থানের পয়েন্ট ১০। সঞ্জু স্যামসনের দলের নেট রান রেট ০.৮০০। গুজরাতের নেট রান রেট ০.৫৩২। আমেদাবাদে প্রথম সাক্ষাতে রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে তিন উইকেটে গুজরাত বধ সারে রাজস্থান।

রাজস্থান রয়্যালসকে হারিয়েই গত বছর গুজরাত টাইটান্স আইপিএল খেতাব জিতেছিল। লিগ পর্বের ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ারেও রাজস্থান হার মেনেছিল গুজরাতের কাছে। তবে এবার প্রথম ম্যাচ জেতায় পারস্পরিক দ্বৈরথের ফল দাঁড়িয়েছে গুজরাত- ৩, রাজস্থান- ১।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ খেলেই দেশে ফিরে যাবেন গুজরাতের জশ লিটল। আয়ারল্যান্ডের এই পেসার এবার আইপিএলে ৭ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন। ইকনমি ৮.৫। পাওয়ারপ্লে ও ডেথ ওভারে হার্দিক পাণ্ডিয়ার বড় অস্ত্র হয়ে উঠেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সিরিজ খেলতে তিনি আয়ারল্যান্ডে ফিরবেন।

ঋদ্ধিমান সাহার ফর্ম গুজরাত টাইটান্সের কিছুটা চিন্তার কারণ। তবে ঋদ্ধির কিপিং অনবদ্য। ৯ ম্যাচে ব্যাট হাতে ঋদ্ধির গড় ১৬। তবু তাঁকে বাদ দেওয়ার মতো পরিস্থিতিতে নেই গুজরাত। একাদশে খুব বেশি রদবদল না করে ক্রিকেটারকে ছন্দে ফেরার পর্যাপ্ত সময়ও দেয় গুজরাত টিম ম্যানেজমেন্ট। হার্দিক পাণ্ডিয়া অধিনায়ক হিসেবেও দৃষ্টান্ত রাখছেন।
রাজস্থান রয়্যালসের একাদশেও রদবদলের সম্ভাবনা নেই। তবে ইমপ্যাক্ট প্লেয়ার হওয়ার নিরিখে পেসার কুলদীপ সেনের সঙ্গে কুলদীপ যাদবের লড়াই। কুলদীপ সেনকেই জয়পুরে ফের খেলানোর সম্ভাবনা। রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল শতরান হাঁকিয়েছেন। টিম ম্যানেজমেন্ট বড় রান তুলতে ভরসা করছে বাটলার-যশস্বী ওপেনিং জুটিতেই।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট। বোলিংয়ের সময় নামবেন কুলদীপ সেন।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি, জশ লিটল। বোলিংয়ের সময় গিলের সঙ্গে অদলবদল করে মোহিত শর্মাকে নামানো হবে।
২০১৮ সালের আইপিএল থেকে ধরলে সওয়াই মান সিং স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় স্কোর ১৬৪। জোরে বোলাররা নিয়েছেন ৯৭টি উইকেট, স্পিনাররা ৬৪টি। কিন্তু স্পিনাররা রান কম দিয়েছেন তুলনামূলকভাবে। দুই স্কোয়ার বাউন্ডারির দূরত্বে ফারাক থাকছে। পিচে ঘাস রয়েছে। কিছুটা জায়গা ন্যাড়া। বৃষ্টিতে ম্যাচে ব্যাঘাত ঘটার পূর্বাভাস নেই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications