IPL 2023: নতুন রেকর্ড চাওলার, পার্পল ক্যাপের লড়াইয়েও প্রবলভাবে ঢুকে পড়লেন মুম্বই স্পিনার
বুড়ো হাড়ে ভেল্কি বোধহয় একেই বলে। গত বছর আইপিএলে দল পাননি। কিন্তু চলতি বছরে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সুযোগ পেয়েই বল হাতে যাদু দেখাচ্ছেন পীযূষ চাওলা। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ ওভার বল করে নিলেন দুটি উইকেট। একই সঙ্গে নতুন রেকর্ডও তৈরি করে ফেললেন ভারতীয় এই স্পিনার। আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে উঠলেন মুম্বইয়ে এই স্পিনার।
এতদিন তৃতীয় স্থানে থাকা অমিত মিশ্রার ১৭২ উইকেটের রেকর্ড ভেঙে বর্তমানে ১৭৪ উইকেটের মালিক চাওলা। ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন চাওলা। ২০২২ সালেই একমাত্র দল পাননি তিনি। আইপিএলে খেলেছেন মোট ১৭৫টি ম্যাচ। শনিবারের পর তাঁর নামের পাশে ১৭৪ উইকেট।

এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১০ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী এই স্পিনার। রশিদ খান, মহম্মদ শামি, তুষার দেশপান্ডেদের সঙ্গে পার্পল ক্যাপের লড়াইয়ে প্রবলভাবেই আছেন চাওলা। প্রথমে থাকা তুষারের উইকেট সংখ্যা ১৯। পরের দুই জনের বোলারের উইকেট সংখ্যা ১৮।
এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলে ব্রাত্য চাওলা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও তাঁকে রাখা হয়নি। তবে আন্তজার্তিক ক্রিকেট থেকে এখনও অবসর ঘোষণা করেননি চাওলা। এই পরিস্থিতিতে পীযূষ চাওলাকে শুধুমাত্র আইপিএল টুর্নামেন্টেই খেলছেন ভারতীয় এই স্পিনার।

এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে চলতি আইপিএল টুর্নামেন্ট শেষ হলেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন। যদিও এই ব্যাপারে তিনি এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
২০০৬ সালে টেস্ট ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পীযূষ চাওলা। প্রায় ৬ বছর তিনি ভারতীয় দলের সব ফর্ম্যাটে হয়ে প্রতিনিধিত্ব করেন। ইতিমধ্যে তিনি তিনটে টেস্ট ম্যাচ, ২৫টি একদিনের ম্যাচ এবং সাতটি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০১২ সালে পীযূষ চাওলা শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

এমনকি আইপিএলের মঞ্চেও তিনি যে সফল তা তাঁর উইকেটের পরিসংখ্যান থেকেই প্রমাণিত। নাইটদের আইপিএল চ্যাম্পিয়নজয়ী দলের সদস্য ছিলেন।












Click it and Unblock the Notifications