IPL 2023: শুভমানের শতরানের খিদে মেটেনি! গুজরাত ওপেনার ভাঙলেন সচিনের কোন রেকর্ড?
আইপিএল কেরিয়ারের প্রথম শতরানটি পেয়ে গেলেন শুভমান গিল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৯৪ রানে অপরাজিত থাকতে হয়েছিল। কিন্তু গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি গিলের।
গুজরাত টাইটান্স তুলেছিল ৯ উইকেটে ১৮৮। জবাবে সানরাইজার্স ৯ উইকেটে ১৫৪ রানের বেশি এগোতে পারেনি। গুজরাত টাইটান্সের ১৮৮ রানের মধ্যে ওপেনার গিলের অবদান ৫৮ বলে ১০১। সাই সুদর্শনের ৩৬ বলে ৪৭ ও অতিরিক্ত ১৩ রান। ৯ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছননি।

শুভমান অর্ধশতরান পূর্ণ করতে নেন ২২ বল। সেই সময় অবধি তিনি ৯টি চার মেরেছিলেন। ছক্কা হাঁকাতে পারেননি। একটিও ছয় না মেরে আইপিএলে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডটি নিজের দখলে নিলেন শুভমান গিল। ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। ২০১০ সালে সচিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ছয় না মেরে হাফ সেঞ্চুরি করেন ২৩ বলে।

আইপিএলে আরও একটি নজিরবিহীন ঘটনা ঘটল গুজরাত-হায়দরাবাদ ম্য়াচে। শুভমান গিল ওপেন করেন, ভুবনেশ্বর কুমার বোলিং ওপেন করেন হায়দরাবাদের হয়ে। শুভমান শতরান করলেন, ভুবনেশ্বর ৩০ রানে নিলেন ৫ উইকেট। কোনও ব্যাটারের প্রতিপক্ষ দলের কোনও বোলার একই ইনিংসে যথাক্রমে শতরান ও পাঁচ উইকেট নিলেন, এটা আইপিএলে প্রথম।
২০১৭-১৮ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে করুণ নায়ার কর্নাটকের হয়ে ১১১ করেছিলেন, তামিলনাড়ুর ভি অতিশয়রাজ ডেভিডসন নেন ৫ উইকেট। ২০২১ সালে টি ২০ আন্তর্জাতিকে বেলজিয়ামের সাবের জাখিল ১০০ রানে অপরাজিত ছিলেন, প্রতিপক্ষ দল অস্ট্রিয়ার বোলার আকিব ইকবাল ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

শুভমান গিল চলতি বছর একটি দ্বিশতরান-সহ ৬টি শতরান করে ফেললেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ৯৭ বলে ১১৬, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে ১৪৯ বলে ২০৮ এবং ৭৮ বলে ১১২, নিউজিল্যান্ডের বিরুদ্ধেই টি ২০ আন্তর্জাতিকে ৬৩ বলে অপরাজিত ১২৬, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ২৩৫ বলে ১২৮ করেন। এবার আইপিএল শতরান।
১৯.১ ওভারে দলের ১৮৬ রানের মাথায় শুভমান আউট হন ৫৮ বলে ১০১ রান করে। মেরেছেন ১৩টি চার ও ১টি ছয়। চলতি আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান তাঁর। ১৩ ম্যাচে ১ বার অপরাজিত থেকে ৫৭৬ রান করে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ১টি শতরান ও চারটি অর্ধশতরান। গড় ৪৮, স্ট্রাইক রেট ১৪৬.১৯।

ফাফ দু প্লেসি ১২ ম্যাচে ৬৩১ রান করেছেন। গুজরাত পৌঁছে গিয়েছে প্লে-অফে। ফলে ফাইনালে উঠলে শুভমান অন্তত তিনটি ম্যাচ পাচ্ছেন, এলিমিনেটর খেলে জিতে ফাইনালে উঠলে চারটি ম্যাচ পাবেন। ফলে এবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হওয়া অসম্ভব নয়। সানরাইজার্সের বিরুদ্ধে অভিষেক হয়েছিল, তাদের বিরুদ্ধে শতরান, তৃপ্ত শুভমান।
শুভমান গিল বলেন, ভালো লাগছে সানরাইজার্সের বিরুদ্ধে অভিষেক হয়েছিল। তাদের বিরুদ্ধেই শতরান পেলাম। একটা বৃত্ত সম্পূর্ণ হলো। আশা করি, চলতি মরশুমে আরও শতরান পাব। আগের ইনিংসের কথা মাথায় না রেখে কোনও ম্যাচে কী করা জরুরি সেটাতেই ফোকাস রাখি। ছোটবেলার বন্ধু অভিষেক শর্মার বলে ছক্কা মারা সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications