IPL 2023: দিল্লি ক্যাপিটালসে পদোন্নতি অক্ষর প্যাটেলের, নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার
দিল্লি ক্যাপিটালসকে আসন্ন আইপিএলে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। অক্ষর প্যাটেলকে সহ অধিনায়ক করা হয়েছে।
আইপিএলে এবার খেলতে পারবেন না ঋষভ পন্থ। কিছুদিন আগে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরের ফাঁকে ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যা জানিয়েছিলেন, ডেভিড ওয়ার্নারই অধিনায়কত্ব করবেন। তারই মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ার ওপেনার টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায়। অবশ্য ওয়ার্নারের নাম রাখা হয়েছে ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার ওডিআই দলে।

ওয়ার্নারের সঙ্গেই অধিনায়কত্বের দৌড়ে ছিলেন অক্ষর প্যাটেল। অবশ্য অভিজ্ঞতার কারণেই ওয়ার্নারের উপরই আস্থা রেখেছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ ২০১৬ সালে আইপিএল খেতাবও জিতেছিল। তবে আগামী বছর ঋষভ পন্থই দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন। ওয়ার্নারের ডেপুটি করা হয়েছে অক্ষর প্যাটেলকে। ভারতের এই অলরাউন্ডার সব ফরম্যাটেই দারুণ ছন্দে রয়েছেন। সে কারণে সহ অধিনায়ক হিসেবে অক্ষরের নামই চূড়ান্ত হয়েছে।
জানা গিয়েছে, ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে হেড কোচ রিকি পন্টিংয়ের মতামতকে। ওয়ার্নার অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন। সানরাইজার্স হায়দরাবাদকে খেতাব জেতানোর পাশাপাশি সাড়ে চার মরশুম ধরে অরেঞ্জ আর্মিকে নেতৃত্ব দেন। ২০২১ সালে তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিল হায়দরাবাদ। ওই বছরই টি ২০ বিশ্বকাপে বিধ্বংসী পারফরম্যান্স উপহার দেন অভিজ্ঞ অজি ওপেনার। তারপর তাঁকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। নিলাম থেকে ওয়ার্নারকে ৬.২৫ কোটি টাকায় কেনে দিল্লি ক্যাপিটালস। গত বছর ওয়ার্নার ১২টি ম্যাচে ৪৩২ রান করেন, সর্বাধিক স্কোর সানরাইজার্সের বিরুদ্ধে ৫৮ বলে অপরাজিত ৯২। পাঁচটি অর্ধশতরান করেন, স্ট্রাইক রেট ছিল দেড়শোর উপর।
অক্ষর প্যাটেল দেশের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের ও অলরাউন্ডারদের তালিকায় তাঁর সম্প্রতি উল্লেখযোগ্য উত্থান হয়েছে। ২০২১ সালের আইপিএলে অক্ষর ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন। গত বছরের আইপিএলে ১৩ ম্যাচে তাঁর ঝুলিতে যায় ৬টি উইকেট। ব্যাট হাতে অক্ষর ১৮২ রান করেছিলেন, ১৫১.৬৭ ছিল তাঁর স্ট্রাইক রেট। সর্বাধিক অপরাজিত ৪২ রান করেন। তাঁর ব্যাটিংয়ের উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে রিকি পন্টিংয়ের।












Click it and Unblock the Notifications