IPL 2023: চেন্নাই সুপার কিংসের সামনে পাঞ্জাব কিংস, গুজরাতকে টপকে শীর্ষে যেতে পারবেন ধোনিরা?
আইপিএলে রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংস খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালস জয়পুরে থামিয়েছে সিএসকের বিজয়রথ। পাঞ্জাব ঘরের মাঠে হেরেছে লখনউয়ের কাছে।
চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ৮ ম্যাচে ১০, নেট রান রেট ০.৩৭৬। কেকেআরকে ইডেনে গুজরাত টাইটান্স হারিয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গিয়েছে, নেট রান রেট ০.৬৩৮। ফলে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা পাঞ্জাবকে হারালে চার থেকে একে আসতে পারে সিএসকে।

চলতি আইপিএলে এই দুই দলের দ্বৈরথ এবারই প্রথম হচ্ছে। চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি (কিংস ইলেভেন পাঞ্জাব ও পাঞ্জাব কিংস) ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ১৫টিতে চেন্নাই জিতেছে, পাঞ্জাবের জয় ১২টিতে। গত বছর চেন্নাইকে দুবারই হারিয়েছিল পাঞ্জাব। শেষ পাঁচটি দ্বৈরথে তারা এগিয়ে ৩-২-এ।

২০২১ সালের আইপিএলের প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংস আইপিএলে পাঞ্জাব বধ সেরেছিল। যদিও ফিরতি সাক্ষাতে হেরে যায়। ঘরের মাঠে ধোনিরা জয়ের সরণিতে ফিরতে মুখিয়ে। বেন স্টোকস ও দীপক চাহার পাঞ্জাবের বিরুদ্ধেও খেলতে পারবেন না বলেই জানা যাচ্ছে। স্টোকস ২টি ও চাহার মাত্র তিনটি ম্যাচ খেলেছেন।
চেন্নাই সুপার কিংস ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অম্বাতি রায়ুডুকে ব্যাট করতে পাঠালেও তিনি সফল হচ্ছেন না। তবু অপরিবর্তিত দল নিয়েই নামতে পারে চেন্নাই। পাঞ্জাব কিংসের হয়ে লখনউ ম্যাচে অভিষেক হলেও হতাশ করেছেন গুরনুর ব্রার। তাঁর জায়গায় স্পিনার হরপ্রীত ব্রারকে দলে রাখতে পারে পাঞ্জাব।

সিএসকের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা। বোলিংয়ের সময় রায়ুডুর জায়গায় আকাশ সিংকে নামাবে চেন্নাই।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরণ সিং, অথর্ব তাইড়ে, সিকান্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং। বোলিংয়ের সময় প্রভসিমরণের জায়গায় নামানো হতে পারে হরপ্রীত ব্রারকে।
চিপকে এবার হাই স্কোরিং ম্যাচ হচ্ছে। পেসাররা সাফল্য পাচ্ছেন। স্পিনাররাও এই মাঠে দাপট দেখান। ফলে উইকেটের চরিত্রগত খুব বদল হবে না। টস জেতা দল রান তাড়া করতেই পছন্দ করবে। আর্দ্রতা ভালোই রয়েছে। মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications