IPL 2023: ওয়ার্নারের লড়াইয়েও দিল্লির লজ্জার হার, ধোনির চেন্নাই শেষ চারে
আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাটিং বিভাগের পুরানো রোগ সারাতে পারল না দিল্লি ক্যাপিটালস। যার দৌলতে অরুণ জেটলি স্টেডিয়ামে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফে জায়গা পাকা করে ফেলল চেন্নাই সুপার কিংস। কার্যত নিশ্চিত দ্বিতীয় স্থান, যাতে ধোনিরা খেলবেন কোয়ালিফায়ার-১।
দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার অর্ধশতরান করলেও তা রান তাড়া করে দলকে জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। টস জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ৩ উইকেটে ২২৩ রান করেছিল। দিল্লি ক্যাপিটালস হারল ৭৭ রানে।

ডেভন কনওয়ের ৮৭, ঋতুরাজ গায়কোয়াড়ের ৭৯, শিবম দুবের ২২, রবীন্দ্র জাদেজার ৭ বলে অপরাজিত ২০ রানের দৌলতে চেন্নাই সুপার কিংস ২২৪ রানের টার্গেট দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। খলিল আহমেদ, আনরিখ নরকিয়া ও চেতন সাকারিয়া একটি করে উইকেট নেন।

ডেভন কনওয়ে ১৪ ম্যাচে ৫৮৫ রান করে চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে উঠে এলেন। তাঁর ব্যাটিং গড় ৫৩.১৮, স্ট্রাইক রেট ১৩৮.৬২। এবারের টুর্নামেন্টের ষষ্ঠ অর্ধশতরানটি পেলেন তিনি। ফাফ দু প্লেসি ১৩ ম্যাচে ৭০২ ও যশস্বী জয়সওয়াল ১৪ ম্যাচে ৬২৫ রান করে আপাতত কনওয়ের আগে রয়েছেন।
এবারের আইপিএলেও পাঁচশো রানের ক্লাবে চলে এলেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৪ ম্যাচে ১৩ ইনিংসে তিনি ৫০৪ রান করেছেন। তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে, গড় ৪২, স্ট্রাইক রেট ১৪৮.২৩।

রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লে-র মধ্যেই তিন উইকেট হারায় ক্যাপিটালস। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলগত ৫ রানের মাথায় পৃথ্বী শ (৭ বলে ৫) আউট হন। তাঁর উইকেটটি নেন তুষার দেশপাণ্ডে। পঞ্চম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ফিল সল্ট (৬ বলে ৩) ও রাইলি রুসোর (১ বলে ০) উইকেট দখল করেন দীপক চাহার। ২৬ রানেই দ্বিতীয় ও তৃতীয় উইকেট পড়ে।

ডেভিড ওয়ার্নার এদিন অর্ধশতরান পূর্ণ করেন ৩২ বলে। ১০.৫ ওভারে যশ ঢুলকে প্যাভিলিয়নে ফেরান রবীন্দ্র জাদেজা। ১৫ বলে ১৩ রান করে ঢুল ফিরলে ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৫। অক্ষর প্যাচেল ৮ বলে ১৫ রান করে দীপক চাহারের শিকার হন। ১৩.৩ ওভারে ১০৯ রানে পঞ্চম উইকেট হারায় দিল্লি।
১৬.১ ওভারে আমন হাকিম খান (৯ বলে ৭) মাথিশা পাথিরানার বলে আউট হলে দিল্লির স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৩১। ১৮.৩ ওভারে ডেভিড ওয়ার্নার সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৫৮ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন। তিনিও পাথিরানার শিকার। শেষ ওভারে দুটি উইকেট নেন মাথিশ থিকশানা।
১৯.৩ ওভারে ললিত যাদব (১২ বলে ৬) ও ১৯.৪ ওভারে কুলদীপ যাদব (১ বলে ০) আউট হন। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানে থামে দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে সিএসকে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ার খেলা কার্যত নিশ্চিত করে ফেলল। নেট রান রেট ০.৬৫২। লখনউয়ের নেট রান রেট এখন ০.৩০৪।

দীপক চাহার ৪ ওভারে ২২ রানে তিন উইকেট নেন। মাহিশ থিকশানার ৪ ওভারে ১টি মেডেন, ২৩ রানের বিনিময়ে তিনি ২টি উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজা একটি উইকেট পান ৪ ওভারে ৫০ রান খরচ করে। মাথিশা পাথিরানা ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে ২২ রানে ২ উইকেট নেন। তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ২৬ রান দিয়ে ১টি উইকেট পেলেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications