IPL 2022: শামির ধাক্কার পাল্টা হুডা-বাদোনি ঝড়ে ম্যাচ জমাল লখনউ! গুজরাতের বিরুদ্ধে রাহুলের কোন লজ্জার রেকর্ড?
আইপিএলে প্রাথমিক ধাক্কা সামলে গুজরাত টাইটান্সের সামনে চ্যালেঞ্জিং টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস। দীপক হুডার অর্ধশতরানের পাশাপাশি আইপিএল অভিষেকে উজ্জ্বল আয়ুষ বাদোনি। লোকেশ রাহুলের দল পাওয়ারপ্লেতে চার উইকেট হারিয়েছিল। সেখান থেকে এই দুজনের ব্যাটিংই লখনউকে দেড়শো পার করাল। ২০ ওভারে লখনউ সুপার জায়ান্টস ৬ উইকেটে ১৫৮ রান তুলেছে। দীপক হুডা ৫৫ ও আয়ুষ বাদোনি ৫৪ রান করেন। ক্রুণাল পাণ্ডিয়া ১৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
|
রাহুলের গুজরাত-কাঁটা
লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স এদিনই প্রথমবার আইপিএল খেলছে। লখনউ ফ্র্যাঞ্চাইজি আইপিএলে একেবারে নতুন হলেও গুজরাতের দল আগে আইপিএল খেলেছে। সেবার নাম ছিল গুজরাত লায়ন্স। ২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়েছিলেন লোকেশ রাহুল। এবার রাহুল লখনউয়ের অধিনায়ক হিসেবে ফের গোল্ডেন ডাক পেলেন। এদিন মহম্মদ শামির বল তাঁর ব্যাট ছুঁয়ে লখনউয়ের অস্ট্রেলীয় কিপার ম্যাথু ওয়েডের হাতে জমা পড়েছিল। আম্পায়ার আউট না দিলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক ডিআরএসের দ্বারস্থ হন। রিপ্লে দেখার পর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। ৬ বছর ও ৫৬ ইনিংস পর রাহুল প্রথম বলেই শূন্য রানে আইপিএলে আউট হলেন। গুজরাত লায়ন্স ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।
|
বিধ্বংসী শামি
মহম্মদ শামির বিধ্বংসী স্পেল লখনউকে এদিন শুরুতে ব্যাকফুটে ঠেলে দেয়। ম্যাচে তৃতীয় তথা নিজের দ্বিতীয় ওভার করতে এসে তৃতীয় বলেই কুইন্টন ডি কককে বোল্ড করে দেন সামি। ৯ বলে ৭ রানে ডি কক সাজঘরে ফিরলে লখনউয়ের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৩। ৩.৩ ওভারে এভিন লুইস বরুণ অ্যারনের শিকার হন ৯ বলে ১০ রান করে, অনবদ্য ক্যাচ ধরে টুর্নামেন্টের সেরা ক্যাচের তালিকায় নিজের দাবি জোরালো করলেন শুভমান গিল। ২০ রানে তৃতীয় উইকেট হারানোর পর ৪.৩ ওভারে ২৯ রানের মাথায় চতুর্থ উইকেট পড়ে লখনউয়ের। ব্যক্তিগত ৬ রানে শামির বলে বোল্ড হন মণীশ পাণ্ডে। পাওয়ারপ্লে-তে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ছিল ৪ উইকেটে ৩২। ১০.১ ওভারে পূর্ণ হয় ৫০ রান।
|
হুডা-বাদোনির চমক
এরপরই বিস্ফোরক মেজাজে ব্যাটিং শুরু করেন দীপক হুডা ও আয়ুষ বাদোনি। যার দৌলতে ১৪.২ ওভারেই একশো রান পার করতে সক্ষম হয় লখনউ। তার আগে ৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন হুডা। ১৩তম ওভারে বরুণ অ্যারন দেন ১৭ রান, হার্দিক ১৫তম ওভারে দেন ১৯ রান। ষোড়শ ওভারের পঞ্চম বলে হুডা-বাদোনি জুটি ভাঙেন রশিদ খান। ৬টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৫৫ করেন দীপক হুডা। পঞ্চম উইকেট জুটিতে ওঠে ৬৮ বলে ৮৭ রান। আইপিএলে অভিষেক ম্যাচে ৩৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন আয়ুষ বাদোনি। এই নিয়ে কেরিয়ারের ষষ্ঠ টি ২০ ম্যাচ খেললেন দিল্লির ব্যাটার। তিনি অ্যারনের বলে আউট হন ব্যক্তিগত ৪১ বলে ৫৪ রানে। চারটি চার ও তিনটি ছয় মেরেছেন।
|
রাতে না ঘুমিয়েই ব্যাটে ঝড়
বীরেন্দ্র শেহওয়াগদের দিল্লি থেকে উঠে আসা এবং খুব বেশি অভিজ্ঞতা না থাকা আয়ুষ বাদোনির আইপিএলে বিস্ফোরক অভিষেক দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা। তবে আয়ুশ নির্বিকার। হার্দিকের বিরুদ্ধে ঝড় তুলে এবং ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করা বাদোনি বলেন, আমি স্কোরবোর্ডের দিকে তাকাইনি। ৫০ পূর্ণ করার উপলব্ধি তাই কিছুটা দেরিতে হয়। নার্ভাস ছিলাম, গতকাল রাতে ঘুমোতেও পারিনি। আজ প্রথম বাউন্ডারিটি মারার পর আত্মবিশ্বাস পেতে থাকি। উইকেট ভালো ছিল, ৬ ওভারের পর থেকে বল ভালোই ব্যাটে আসছিল।
|
সেরা শামি, বল করলেন হার্দিক
গুজরাত টাইটান্সের হয়ে এদিন সেরা বোলার মহম্মদ শামি। চার ওভারে ২৫ রান দিয়ে তিনি ৩ উইকেট নেন। ২০১৯ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালের পর ফের আজই প্রথম আইপিএলে বোলিং করলেন হার্দিক। চার ওভারের কোটা পূর্ণ করে ৩৭ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। রশিদ খান ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। বরুণ অ্যারন ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications