আইপিএলের প্রস্তুতি দেখতে দুবাইয়ে বিসিসিআই কর্তারা, বুধ-সকালে যাচ্ছেন সৌরভ
আইপিএল ২০২১-এর বাকি ৩১টি ম্যাচ সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীতে। খেলা হবে আবু ধাবি, শারজা ও দুবাইয়ে। কবে কোথায় কোন খেলা হবে তা সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ড ও সে দেশের সরকারের সঙ্গে কথা বলে চূড়ান্ত করবে বিসিসিআই। বোর্ড সহ সভাপতি রাজীব শুক্লা সকলের আগে দুবাই পৌঁছে গিয়েছেন। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যাবেন বুধবার সকালে।

আরবে বিসিসিআই-কর্তারা
আইপিএলের প্রস্তুতি খতিয়ে দেখতে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা সকলের আগে দুবাই পৌঁছে গিয়েছেন। আজ চার্টার্ড বিমানে করে দুবাইয়ে গিয়েছেন বোর্ড সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, কোষাধ্যক্ষ অরুণ ধুমল,যুগ্ম সচিব জয়েশ জর্জ, অন্তর্বর্তীকালীন সিইও হেমাঙ্গ আমিন ও জেনারেল ম্যানেজার ধীরাজ মালহোত্রা।বুধবার সকালে দুবাই যাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এমিরেটস ক্রিকেট বোর্ড ও প্রশাসনের কর্তাদের সঙ্গে কথাবার্তার পরই ক্রীড়াসূচি চূড়ান্ত করা হবে। ২৯ মে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভাতেই ঠিক হয়, আইপিএলের বাকি ম্যাচগুলি হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। রাজীব শুক্লার আশা, গত বছরের মতো এবারও আইপিএলের বাকি ম্যাচগুলি সুষ্ঠুভাবেই আয়োজন করা সম্ভব হবে। টি ২০ বিশ্বকাপ ভারতে না হলে কীভাবে সংযুক্ত আরব আমিরশাহীতে করা যায় তা নিয়েও ইসিবি-র সঙ্গে কথা হবে বিসিসিআই কর্তাদের।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

দর্শকদের নিয়ে
ভারতে এবারের আইপিএলের ২৯টি ম্যাচেই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি স্টেডিয়ামগুলিতে। রাজীব শুক্লা বলেন, দর্শকদের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে। তবে এ ব্যাপারে এই দেশের প্রশাসন যেমন নির্দেশ মেনে সেটাই মেনে চলবে বিসিসিআই। মাঠে যদি দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয় বা স্টেডিয়ামের কিছু অংশ ফাঁকা রেখে ফাঁকায় ফাঁকায় দর্শকদের বসানোর ব্যবস্থা হয় তাহলেও ভালো। আর যদি দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা হয় তাহলেও আমাদের কোনও আপত্তি নেই।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

বিদেশিদের নিয়ে
সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল হলেও সব দলই যে সব বিদেশি ক্রিকেটারকেই পাবে তার কোনও নিশ্চয়তা নেই। বরং অনেক বিদেশি ক্রিকেটারই টি ২০ বিশ্বকাপের আগে আইপিএল খেলবেন না বলেই ইঙ্গিত মিলছে। এ প্রসঙ্গে রাজীব শুক্লা বলেন, বিদেশিদের নিয়ে নিশ্চিতভাবেই আমাদের আলোচনা হয়েছে। কিন্তু আমাদের মূল লক্ষ্য আইপিএল সম্পূর্ণ করা। এভাবে অর্ধেক অবস্থায় ফেলে রাখতে চাই না আমরা। ফলে যে বিদেশি ক্রিকেটাররা খেলতে আসবেন তাঁদের স্বাগত। তবে যাঁরা আসবেন না তাঁদের জন্য আইপিএল বন্ধ রাখার প্রশ্নই নেই। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কিছু বিদেশিরা থাকবেন, তাঁদের নিয়েই আমরা আইপিএল সম্পূর্ণ করতে চাই।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

খুশি ফ্র্যাঞ্চাইজিরা
রাজীব শুক্লার দাবি, প্রথম দিন থেকেই আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতেই চাইছিল ফ্র্যাঞ্চাইজিরা। ফলে তারা সকলেই খুশি। আবহাওয়াজনিত কারণেই বৃষ্টির সম্ভাবনা থাকায় ভারত বা ইংল্যান্ডে আইপিএল আয়োজন করা হলো না। সবদিক দিয়েই সংযুক্ত আরব আমিরশাহী সেরা অপশন। শুরুর দিন কুড়ির মধ্যেই আইপিএল শেষ করে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

টি ২০ বিশ্বকাপ নিয়ে
টি ২০ বিশ্বকাপ ভারতে আয়োজন করা সম্ভব কিনা সে প্রশ্নের উত্তরে রাজীব শুক্লা জানান, এ জন্যই আমরা আইসিসি-র কাছে মাসখানেক সময় চাইব। এখনও আমরা ভারতেই বিশ্বকাপ আয়োজন করতে চাই। কিন্তু তা নির্ভর করবে জুনের শেষ বা জুলাইয়ের প্রথম দিকে দেশে করোনা সংক্রমণের অবস্থা কেমন থাকে। যদি অবস্থা ভালো না হয় তখন নিশ্চিতভাবেই তা সংযুক্ত আরব আমিরশাহীতেই আয়োজন করা হবে। আর পরিস্থিতির উন্নতি হচ্ছে বুঝলে ভারতেই হবে টি ২০ বিশ্বকাপ।












Click it and Unblock the Notifications