পাঞ্জাবের নিয়ন্ত্রিত বোলিংয়ে রোহিতের অর্ধশতরানেও বড় রান তুলতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মার ব্যাটে ভর করে চেন্নাইয়ের চিপকে চ্যালেঞ্জিং উইকেটে লড়াইয়ের মতো জায়গায় পৌঁছাল মুম্বই ইন্ডিয়ান্স। তবে বড় রান তুলতে পারল না। এদিনের ম্যাচে আইপিএলের ৪০তম অর্ধশতরান করার পাশাপাশি অধিনায়কোচিত ইনিংস খেললেন রোহিত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তোলে ১৩১ রান। রবি বিষ্ণোই ও মহম্মদ শামি ৪ ওভারে ২১ রানের বিনিময়ে দুটি করে উইকেট নেন। দীপক হুডা ও অর্শদীপ সিং একটি করে উইকেট দখল করেন।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে একেবারেই টি ২০ সুলভ ব্যাটিং করতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা। পাওয়ারপ্লে-তে ৬ ওভারে রোহিতদের রান ছিল ১ উইকেটে ২১। আইপিএলের ইতিহাসে পাওয়ারপ্লে-তে এটি মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় সর্বনিম্ন রান। এর আগে তারা একবার তুলেছিল মাত্র ১৭। ম্যাচের দ্বিতীয় ওভারেই ৫ বলে ৩ রান করে দলের ৭ রানের মাথায় আউট হন কুইন্টন ডি কক। তাঁকে আউট করেন দীপক হুডা।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
২৬ রানের মাথায় ঈশান কিষাণের উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। মুরুগান অশ্বিনের বিরুদ্ধে এই ম্যাচে সুযোগ পাওয়া রবি বিষ্ণোয়েই বলে দুরন্ত ক্যাচ ধরেন অধিনায়ক লোকেশ রাহুল। ১৭ বলে ৬ রান করেন কিষাণ। এরপর দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। ১০ ওভারে মুম্বইয়ের রান ছিল ২ উইকেটে ৪৯।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
রোহিত-সূর্য-র ওপেনিং জুটিতে ওঠে ৭৯ রান। তার মধ্যেই আইপিএল কেরিয়ারের ৪০তম অর্ধশতরান পূর্ণ করেন রোহিত শর্মা ৪০ বলে। এবারের আইপিএলে ২০০-র বেশি রান হয়ে গেল রোহিতের। ২৭ বলে ৩৩ রান করে বিষ্ণোইয়ের দ্বিতীয় শিকার সূর্যকুমার ফেরেন ১৬.১ ওভারে দলের ১০৫ রানের মাথায়। ৫২ বলে ৬৩ রান করে আউট হন রোহিত। ১৭.৩ ওভারে ১১২ রানের মাথায় মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ উইকেট পড়ে। মহম্মদ শামির বলে বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ ধরেন ফ্যাবিয়ান অ্যালেন। রোহিত পাঁচটি চার ও দুটি ছয় মেরেছেন। হার্দিক পাণ্ডিয়া ১ ও ক্রুণাল পাণ্ডিয়া ৩ রান করেন।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
পাঞ্জাব দলে এদিন একটি পরিবর্তন হয়েছে। মুরুগান অশ্বিনের জায়গায় প্রথম একাদশে এসেছেন লেগ স্পিনার রবি বিষ্ণোই। মুম্বই ইন্ডিয়ান্স দল অপরিবর্তিত।
পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, শাহরুখ খান, মোজেস হেনরিকস, ফ্যাবিয়ান অ্যালেন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং
মুম্বই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ












Click it and Unblock the Notifications